পরমাণু আলোচনা ভণ্ডুলের চেষ্টা করছে ইসরাইল : লারিজানি

Printed Edition

আলজাজিরা

ইরানের নিরাপত্তা প্রধান আলি লারিজানি বলেছেন যুক্তরাষ্ট্রের সাথে তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা ভণ্ডুল করার চেষ্টা করছে ইসরাইলকে নাশকতার চেষ্টা করছে। তিনি বলেন, ইসরাইল নতুন যুদ্ধ উসকে দিয়ে অঞ্চলকে অস্থিতিশীল করতে চাইছে। কাতারের দোহায় আলজাজিরা আরবিকে দেয়া সাক্ষাৎকারে লারিজানি বলেন, ইসরাইল যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় মিথ্যা অজুহাত তৈরি করছে। তিনি বলেন, আমাদের আলোচনা কেবল যুক্তরাষ্ট্রের সাথে, ইসরাইলের সাথে নয়। তবে ইসরাইল ইচ্ছাকৃতভাবে এ প্রক্রিয়ায় ঢুকে পড়েছে।

লারিজানি অভিযোগ করেন, ইসরাইলের কৌশল হলো অঞ্চলকে অস্থিতিশীল করা। তিনি উল্লেখ করেন, হামাস কর্মকর্তাদের লক্ষ্য করে গত সেপ্টেম্বরে দোহায় ইসরাইলের হামলা তার প্রমাণ। তিনি বলেন, ইসরাইল শুধু ইরান নয়, বরং কাতার, সৌদি আরব ও তুরস্ককেও ঝুঁঁকির মধ্যে ফেলছে। গত জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরাইলের হামলার কারণে যুক্তরাষ্ট্রের সাথে চলমান আলোচনা ভেস্তে যায়।

গত শুক্রবার ওমানের মাসকটে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরোক্ষ আলোচনা হয়। এ সময় যুক্তরাষ্ট্র অঞ্চলজুড়ে সামরিক উপস্থিতি বাড়ায় এবং প্রেসিডেন্ট ট্রাম্প ইরানকে হুমকি দেন। এরই মধ্যে ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বুধবার ওয়াশিংটনে গিয়ে ট্রাম্পের সাথে জরুরি বৈঠক করেন। ট্রাম্প বলেন, আলোচনায় কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তবে তিনি ইরানের সাথে আলোচনা চালিয়ে যাওয়ার ওপর জোর দিয়েছেন।

লারিজানি বলেন, আলোচনায় এখনো যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো নির্দিষ্ট প্রস্তাব আসেনি। তবে উভয় পক্ষই পারমাণবিক অস্ত্র না রাখার বিষয়ে একমত। তিনি স্পষ্ট করে দেন, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি আলোচনার অংশ নয়। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শূণ্যে নামানোও সম্ভব নয়, কারণ চিকিৎসা ও শান্তিপূর্ণ কাজে এর প্রয়োজন রয়েছে। তবে তিনি আন্তর্জাতিক পর্যবেক্ষণের জন্য স্থাপনাগুলো উন্মুক্ত রাখার কথা জানান। লারিজানি সতর্ক করে বলেন, যদি যুক্তরাষ্ট্র আবার ইরানে হামলা চালায়, তবে তেহরান পাল্টা আঘাত হানবে মার্কিন ঘাঁটিতে। দোহা ছাড়ার আগে তিনি হামাসের নেতৃত্ব পরিষদের প্রধান মুহাম্মদ দারবিশের সাথে বৈঠক করেন এবং গাজায় ইসরাইলের যুদ্ধ নিয়ে আলোচনা করেন।