প্রার্থীতা ফিরে পেলেন সাতক্ষীরা-৩ আসনের ডা: শহিদুল আলম

Printed Edition

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালীগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী ডা: শহিদুল আলমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গত রোববার (১১ জানুয়ারি) ঢাকায় নির্বাচন কমিশনারের কার্যালয়ে আপিল শুনানি শেষে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে স্বতন্ত্র প্রার্থী ডা: শহিদুল আলম তার প্রতিক্রিয়ায় বলেন, আলহামদুলিল্লাহ, এটি শুধু আমার ব্যক্তিগত সাফল্য নয় এটি কালীগঞ্জ ও আশাশুনির আপামর জনতার বিশ্বাস, ভালোবাসা ও ন্যায়ের প্রতি আস্থার বিজয়। এলাকার মানুষের দোয়া, সমর্থন ও উৎসাহ আমাকে আরো দায়িত্বশীল করে তুলেছে। আগামী দিনগুলোতে ইনশাআল্লাহ জনগণের অধিকার রক্ষা, উন্নয়ন ও ন্যায়বিচারের পক্ষে অবিচল থেকে কাজ করে যাবো। সাধারণ মানুষের শক্তিতেই আমি এগিয়ে যাবো।

প্রসঙ্গত, সাতক্ষীরা-৩ আসনে আটজন প্রার্থীর মধ্যে চারজনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। এ সময় এক শতাংশ ভোটার সঠিক না হওয়ায় বিএনপির বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) ডা: শহিদুল আলম, আসাফুদৌলা ও আসলাম আল মেহেদীর মনোনয়নপত্র বাতিল ঘোষিত হয়। একই সাথে অন্য ত্রুটির কারণে হাতপাখার ওয়ায়েজ কুরুনীর মনোনয়ন বাতিল করেন জেলা রিটার্নিং কর্মকর্তা।