বগুড়া রাজশাহীতে বিসিএল
Printed Edition
ক্রীড়া প্রতিবেদক
আন্তর্জাতিক টুর্নামেন্টের বাইরে থাকা সময়টাকে কাজে লাগাতে ঘরোয়া সূচিতে খেলা রাখছে ক্রিকেট বোর্ড। ‘অদম্য টি-২০ কাপ’ আয়োজনের পর এবার মাঠে গড়াচ্ছে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) নতুন আসর, যেখানে জাতীয় দলের বাইরে থাকা ও প্রত্যাবর্তনের অপেক্ষায় থাকা ক্রিকেটারদের জন্য তৈরি হচ্ছে বড় সুযোগ। সবশেষ বিপিএলে সুযোগ না পাওয়া এনামুল হক বিজয় ও মোসাদ্দেক হোসেন সৈকতকে ফিরিয়ে আনা হয়েছে বিসিএলে। তবে এই আসরে দেখা যাবে না তাসকিন আহমেদ ও মুশফিকুর রহীমকে। ফলে তরুণ ও প্রত্যাবর্তনের অপেক্ষায় থাকা ক্রিকেটারদের জন্য এটি বড় মঞ্চ হয়ে উঠছে।
মার্চে টি-২০ বিশ্বকাপ শেষ হওয়ার পর দ্বিতীয় সপ্তাহে পাকিস্তান দল ঢাকায় আসার কথা। সেই সিরিজের প্রস্তুতি মাথায় রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজন করছে বিসিএল দ্বাদশ আসর। ২৩ ফেব্রুয়ারি বগুড়া ও রাজশাহীতে পর্দা উঠবে এবারের প্রতিযোগিতার, আর ফাইনাল হবে ৩ মার্চ মিরপুরে। চার দল-উত্তরাঞ্চল, পূর্বাঞ্চল, দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চল নিয়ে মাঠে গড়াবে ওয়ানডে ফরম্যাটের এই টুর্নামেন্ট।
পাকিস্তান সিরিজের আগে প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার সুযোগ তৈরি করাই মূল লক্ষ্য। বিশ্বকাপ না খেললেও প্রস্তুতি ও ছন্দ ধরে রাখতে ঘরোয়া লিগকে তাই গুরুত্ব দিচ্ছে বোর্ড। বিসিএলের এই আসর জাতীয় দলে ফেরার লড়াই এবং ভবিষ্যৎ পরিকল্পনার পরীক্ষাগার হিসেবেও বিবেচিত হচ্ছে।