প্রার্থিতা ফিরে পেলেন মুশফিকুর, পাল্টাবে ভোটের সমীকরণ

Printed Edition

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে স্বতন্ত্র প্রার্থী মুশফিকুর রহমান প্রার্থিতা ফিরে পেয়েছেন। নির্বাচন কমিশনের (ইসি) আপিল শুনানিতে মনোনয়নপত্র বৈধ ঘোষণার ফলে নির্বাচনে অংশ নিতে তার আর কোনো আইনগত বাধা থাকল না। এতে করে এ আসনে ভোটের হিসাব-নিকাশে উল্লেখযোগ্য পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন স্থানীয় ভোটার ও রাজনৈতিক বিশ্লেষকরা।

মুশফিকুর রহমান জেলা দণি বিএনপির অন্যতম সদস্য ও গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক। তিনি গফরগাঁও উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক সংসদ সদস্য ফজলুর রহমান সুলতানের একমাত্র ছেলে।

বুধবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিলনায়তনে পঞ্চম দিনের আপিল শুনানিতে নির্বাচন কমিশন তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে। বিষয়টি নিশ্চিত করেছেন গফরগাঁও পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবু আব্দুল্লাহ আল বাপ্পী। প্রার্থিতা ফিরে পাওয়ার খবরে গফরগাঁও পৌর শহরে তার নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়।

মুশফিকুর রহমান বলেন, নির্বাচন কমিশনের আপিল বিভাগের রায়ের মাধ্যমে ন্যায় প্রতিষ্ঠিত হয়েছে। গত ৪ জানুয়ারি ভোটার তালিকায় এক শতাংশ গরমিলের অভিযোগে তার মনোনয়ন বাতিল করা হয়েছিল। আপিলের মাধ্যমে তিনি ন্যায়বিচার পেয়েছেন বলে মন্তব্য করেন তিনি।