মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় জহির উদ্দিন স্বপনের

Printed Edition

গৌরনদী (বরিশাল) সংবাদদাতা

নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করার আহ্বান জানিয়েছেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপন। গত শনিবার বেলা ১১টায় গৌরনদী উপজেলায় বীর মুক্তিযোদ্ধা মরহুম আলী আহমেদের স্মরণে আয়োজিত শোকসভা ও মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে মরহুম আলী আহমেদের সরিকলের বাসভবনে অনুষ্ঠিত স্মরণসভায় জহির উদ্দিন স্বপন বলেন, দেশের স্বাধীনতা অর্জনে মরহুম আলী আহমেদের অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও চেতনা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে নিয়মিতভাবে এ ধরনের স্মরণসভা ও আলোচনা সভা আয়োজন করা প্রয়োজন।

সভাপতির বক্তব্যে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব বলেন, মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের ইতিহাস সংরক্ষণ এবং তাদের প্রাপ্য সম্মান নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের নৈতিক দায়িত্ব। মরহুম আলী আহমেদ ছিলেন দেশপ্রেম ও আদর্শনিষ্ঠার উজ্জ্বল দৃষ্টান্ত।

রাইসুল ইসলাম রাজনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- গৌরনদী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক মো: আনিচুর রহমান, সদস্য সচিব আবদুল কাদের হাওলাদার, আগৈলঝাড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক মো: সেকেন্দার আলী মৃধা, সদস্য সচিব মোসাদ্দেক হোসাইন মন্টু, গৌরনদী প্রেস ক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির প্রমুখ।

স্মরণসভা শেষে মরহুম আলী আহমেদের রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়।