আ’লীগের মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার নজরুল গণফ্রন্টের প্রার্থী
Printed Edition
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা
আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য ও বঙ্গবন্ধু ব্যারিস্টার কাউন্সিলের সভাপতি ব্যারিস্টার নজরুল ইসলাম নবী গণফ্রন্ট থেকে ব্রাহ্মণবাড়িয়ার-৫ (নবীনগর) সংসদীয় আসনের গণফ্রন্টের এমপি প্রার্থী হয়েছেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তার প্রার্থিতাও বৈধ ঘোষিত হয়েছে।
নির্বাচনে গণফ্রন্ট থেকে প্রার্থিতার বৈধতা পাওয়ার পর নাম জটিলতা নিয়ে তদন্ত শুরু হলে ব্যারিস্টার নজরুল ইসলাম নবীর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আইডিতে পোস্টের পর তা নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা। বেরিয়ে আসে তার আসল পরিচয়। তার বাড়ি উপজেলার বিটঘর ইউনিয়নের গুড়িগ্রাম। তিনি তার নিজ ফেসবুক আইডিতে পোস্ট করেন, ‘বিসমিল্লাহির রাহমানির রাহীম। আমার নমিনেশন খানি যাচাই-বাছাইয়ে আল্লাহ তায়ালার রহমতে বৈধ বলিয়া ঘোষিত হইয়াছে। সবাই আমার জন্য দোয়া করিবেন যেন নির্বাচিত হয়ে আপনাদের সেবা করিতে পারি।’
ব্যারিস্টার নজরুল ইসলাম নবী উপজেলার একাধিক স্থানে আওয়ামী লীগ সরকারের শাসনামলে ফেস্টুন-ব্যানার টানিয়ে আলোচনায় এসেছিলেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের নবীনগর সংসদীয় আসন থেকে আওয়ামী লীগের এমপি প্রার্থীও ছিলেন। তার ফেসবুক পোস্টে একাধিক কমেন্টে চলছে আলোচনা-সমালোচনার ঝড়।
তবে এলাকায় তার পরিচয় ব্যরিস্টার নজরুল ইসলাম নবী হলেও, তিনি তার নাম পরিবর্তন করে শুধু নজরুল ইসলাম ভুঁইয়া নামে মনোনয়ন উত্তোলন করেন। তিনি ২০২৩ সালে দ্বাদশ নির্বাচন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। এসব বিষয়ে তার বক্তব্য নিতে তার সাথে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করেও পাওয়া যায়নি। এ বিষয়ে বিএনপির একাধিক প্রার্থীর সাথে কথা বললেও কেউ এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি।