ম্যানেজিং কমিটির মাধ্যমে শিক্ষক নিয়োগের উদ্যোগের প্রতিবাদ ইউটিএলের
Printed Edition
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটির মাধ্যমে শিক্ষক নিয়োগ উদ্যোগের প্রতিবাদ জানিয়েছে ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল)।
গতকাল সোমবার এক বিবৃতিতে ইউটিএলের সভাপতি অধ্যাপক ড. মো: আতিয়ার রহমান ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. যুবাইর মুহাম্মদ এহসানুল হক বলেন, এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে রাজনৈতিক ও স্থানীয় প্রভাব, স্বজনপ্রীতি, ঘুষ ও অনিয়মের সুযোগ তৈরি হতে পারে।
তারা বলেন, ২০১৫ সাল থেকে এনটিআরসিএ’র মাধ্যমে প্রতিযোগিতামূলক পরীক্ষা ও মেধার ভিত্তিতে শিক্ষক নিয়োগের ব্যবস্থা চালু রয়েছে। এ ব্যবস্থায় কোনো সীমাবদ্ধতা থাকলে তা সংস্কার করা উচিত, তবে অনিয়মের সুযোগ তৈরি হয় এমন পুরনো ব্যবস্থায় ফিরে যাওয়া সমীচীন নয়।
ইউটিএল নেতৃবৃন্দ অবিলম্বে ম্যানেজিং কমিটির মাধ্যমে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত বাতিল করে মেধাভিত্তিক, স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক নিয়োগব্যবস্থা বহাল রাখার জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন।