সৌদি থেকে ১ লাখ টন ক্রুড তেলবাহী ট্যাংকার চট্টগ্রাম বন্দরে আসছে আজ
Printed Edition
চট্টগ্রাম ব্যুরো
সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে এক লাখ টন ক্রুড অয়েল নিয়ে ছেড়ে আসা জাহাজ এমটি নিনেমিয়া আজ বুধবার সকালে চট্টগ্রাম পৌঁছাবে। বহির্নোঙরে পৌঁছার পর জাহাজটিতে আসা ক্রুড বিএসসির তত্ত্বাবধানে লাইটারিং করে ইস্টার্ন রিফাইনারিতে পৌঁছানো হবে। আগামী ১০ মে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দর থেকে আরো একটি জাহাজ এক লাখ টন ক্রুড নিয়ে চট্টগ্রামের পথে যাত্রা করবে এবং আগামী ২০ মে সেটি চট্টগ্রামে পৌঁছার কথা রয়েছে। এ ছাড়া হরমুজ প্রণালী ইস্যুতে আটকেপড়া এক লাখ টন ক্রুডবাহী এমটি নরডিক্স পল্যাক্স জাহাজটিকেও দেশে আনার চেষ্টা চলছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
মেরিন ট্রাফিকের তথ্য বলছে, মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী বিশাল এই ট্যাংকার জাহাজটি গত ২৪ এপ্রিল সৌদি আরবের রাস তানুরা থেকে বাংলাদেশের উদ্দেশ্যে ছেড়ে আসে। জাহাজটি বর্তমানে বঙ্গোপসাগরে প্রবেশ করেছে। আজ বুধবার সকালে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে পৌঁছাবে। জাহাজটি চট্টগ্রামে পৌঁছানোর পর ইস্টার্ন রিফাইনারিতে আবারো পুরোদমে উৎপাদন শুরু হবে।