শাহজাদপুর রায়বাড়ির জঙ্গলে অপরাধীদের আস্তানা, তদন্তের নির্দেশ আদালতের
Printed Edition
মো: জাহিদ হাসান শাহজাদপুর (সিরাজগঞ্জ)
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রায়বাড়ির জঙ্গলে ভয়ঙ্কর অপরাধীদের আস্তানায় মামলার বাদি ও সাক্ষীদের তুলে নিয়ে ইলেকট্রিক শক দিয়ে নির্যাতনের অভিযোগে স্বপ্রণোদিত হয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।
শাহজাদপুর চৌকি আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোসলেম উদ্দিন গত মঙ্গলবার ফৌজদারি কার্যবিধিতে এ নির্দেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গণমাধ্যমে প্রকাশিত সংবাদের মাধ্যমে ঘটনাটি আদালতের নজরে আসে। এর পরিপ্রেক্ষিতে আদালত স্বপ্রণোদিত হয়ে তদন্ত করে নিয়মিত মামলা রুজুর নির্দেশ দেন।
আদালতের আদেশে বলা হয়, মামলাটি প্রত্যাহারে বাধ্য করতে বাদি সোলাইমান হোসেনকে হুমকি দেয়া হয়। একই সাথে রায়বাড়ির জঙ্গলের বাঁশঝাড়ের একটি আস্তানায় ভ্যানচালক সোবহানকে আটকে রেখে শরীরের বিভিন্ন স্থানে বৈদ্যুতিক শকসহ গুরুতর নির্যাতন করা হয় এবং মামলা না তুললে প্রাণনাশের হুমকি দেয়া হয়। এসব অভিযোগ দণ্ডবিধি, ১৮৬০-এর ১৪৩, ৩২৩, ৩২৬, ৩৬৫, ৫০৬(২) ও ৩৪ ধারায় শাস্তিযোগ্য অপরাধ। আদালত আদেশে বেলতৈল ইউনিয়নের তোফাজ্জল হোসেন তোতা ও রাসেলসহ অজ্ঞাত আরো ৪-৫ জনের বিরুদ্ধে সরেজমিন তদন্ত করে ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করতে এবং ফৌজদারি কার্যবিধির ১৫৪ ধারায় নিয়মিত মামলা রুজুর নির্দেশ দেন। একই সাথে নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের কথাও বলা হয়। এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, আদালতের আদেশের কপি পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।