হকির এশিয়াড প্রস্তুতিতে নেই নারী দল

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

জাপানের আইচি ও নাগোয়া শহরে ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর অনুষ্ঠিত হবে এশিয়ান গেমস। তার আগে চলতি বছরের মার্চ ও এপ্রিলে হবে এশিয়াডের হকি বাছাই পর্ব। ২৫ মার্চ থেকে ৫ এপ্রিল ছেলেদের বাছাই পর্ব হবে ওমানের মাসকাটে এবং মেয়েদের বাছাই পর্ব হবে ইন্দোনেশিয়ার জাকার্তায় ২০-৩০ এপ্রিল। বাছাই পর্বের ছেলেদের ক্যাম্প শুরু হবে ৫ ফেব্রুয়ারি। তবে মেয়েদের ক্যাম্পের কোনো গ্যারান্টি নেই। হলেও হতে পারে। নিশ্চিত নয় ফেডারেশন কর্তারা।

বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে) এবার ছেলেমেয়ে দুই বিভাগে এশিয়ান গেমসে দল পাঠানোর জন্য বাছাই পর্বে অংশ নেয়ার পরিকল্পনা করেছিল। ক্যাম্পের জন্য ৩৭ সদস্যের প্রাথমিক দলও ঘোষণা করা হয়েছে। বাছাই করা খেলোয়াড়দের ৫ ফেব্রুয়ারি সকাল ৭টায় মওলানা ভাসানী স্টেডিয়ামে রিপোর্ট করতে বলা হয়েছে। তবে নারী দল নিয়ে বাহফে সাধারণ সম্পাদক লে. কর্নেল (অব:) রিয়াজুল হাসান জানিয়েছেন, ‘মেয়েদের নিবন্ধন এখনো করিনি। কারণ, একটু হিসাব-নিকাশের বিষয় আছে। টাকা-পয়সা কিভাবে ম্যানেজ হবে, সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবো মেয়েদের দল পাঠাব কি পাঠাব না।’

২৫ জানুযারি নিবন্ধনের শেষ সময় ছিল। অথচ সাধারণ সম্পাদক বলেন, ‘তাতে তেমন কোনো সমস্যা হবে না। আগে সিদ্ধান্ত নেই যাবো কি না। মেয়েরা এশিয়ান গেমসে কোয়ালিফাই করলে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) অবশ্যই এশিয়ান গেমসে দল পাঠাবে। আপাতত অনিশ্চয়তায় আছি বাছাই পর্বে মেয়েদের ইন্দোনেশিয়ায় পাঠানোর খরচ কিভাবে জোগাড় করব।’