তিস্তা সেচ বাঁধ ভেঙে শতাধিক একর জমির ফসল প্লাবিত
Printed Edition
নীলফামারী প্রতিনিধি
নীলফামারীতে তিস্তা সেচ ক্যানেলের দিনাজপুর খালের বাম তীরের বাঁধ ধসে শতাধিক একর ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। সোমবার দুপুর ১২টার দিকে নীলফামারী সদর উপজেলার ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়া এলাকায় বাঁধটি ভেঙে যায়। এতে ক্যানেলের অন্তত ২০ ফুট অংশ ধসে পড়ে।
বাঁধ ভেঙে ক্যানেলের পানি আশপাশের মাঠে প্রবেশ করায় সরিষা, বোরোর বীজতলা, ভুট্টা, আলু ও বিভিন্ন রবিশস্য ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় কৃষকেরা জানান, হঠাৎ পানি ঢুকে পড়ায় অনেক জমির ফসল সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে।
ক্যানেলসংলগ্ন জমির মালিক কৃষক আব্দুর রহমান বলেন, চলতি বোরো মৌসুমে তিস্তা সেচ প্রকল্প থেকে গত ১৫ জানুয়ারি পানি দেয়া শুরু হয়। এই পানির ওপর নির্ভর করে দিনাজপুর ক্যানেলের দুই পাশের কৃষকেরা বোরো চাষের প্রস্তুতি নিয়ে চারা রোপণ ও বিভিন্ন ফসলে সেচ দিচ্ছিলেন। কৃষক শরিফ ইসলাম ও শফিকুল ইসলাম জানান, এর আগেও ২০১৫ ও ২০২৪ সালে একই ক্যানেলের বাঁধ ভেঙে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছিল। তারা স্থায়ী সমাধানের দাবি জানান।
এ ঘটনার প্রতিবাদে ক্ষতিগ্রস্ত কৃষকেরা নীলফামারী-পঞ্চপুকুর সড়ক অবরোধ করে ক্ষতিপূরণ ও দ্রুত বাঁধ মেরামতের দাবি জানান।
এ সময় নীলফামারী পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মাহমুদুর রহমান ঘটনাস্থলে গেলে বিক্ষুব্ধ কৃষকদের তোপের মুখে পড়েন। নীলফামারী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আতিকুর রহমান বলেন, বাঁধের ভেতরে ইঁদুরের গর্ত থাকায় এই ধসের ঘটনা ঘটেছে। বোরো আবাদ সেচনির্ভর হওয়ায় দ্রুত ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করে সেচ কার্যক্রম পুনরায় চালু করা হবে।