রাজধানীতে বাস-ট্রাকের রেষারেষিতে মৃত্যু, আহত ৩

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর উত্তরায় ট্রাকের ধাক্কায় সোহান (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় একই পরিবারের আরো এক শিশুসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। গতকাল শনিবার সকালে উত্তরা পূর্ব থানাধীন বিএনএস সেন্টারের বিপরীত পাশে ফ্লাইওভারের ঢালে এই দুর্ঘটনা ঘটে। নিহত সোহান বাগেরহাট সদর উপজেলার পোলঘাট গ্রামের রনক হাসানের ছেলে। দুই ভাইয়ের মধ্যে সে ছিল ছোট।

নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে উত্তরা ফ্লাইওভারের ঢালে সড়কের পাশে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন সোহানসহ তার পরিবারের সদস্যরা। এ সময় একটি দ্রুতগতির বাস ও ট্রাক একে-অপরের সাথে পাল্লা দেয়ার সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ধাক্কা দেয়। এতে সোহান, তার বড় ভাই রোহান (১৩), মা তহুরুন নেসা (৪০) ও নানী আবেজান বেগম (৬৫) রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে কুয়েত মৈত্রী হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে রোহান ও নানী আবেজান বেগমকে জাতীয় অর্থোপেডিক (পঙ্গু) হাসপাতালে পাঠানো হয়।

অন্য দিকে আশঙ্কাজনক অবস্থায় সোহান ও তার মা তহুরুন নেসাকে বেলা ১১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক সোহানকে মৃত ঘোষণা করেন। তার মা বর্তমানে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনার পর স্থানীয় জনতা ঘাতক ট্রাকটিকে আটক করেছে।

এ দিকে শেরে বাংলানগরের আগারগাঁও এলাকার একটি নির্মাণাধীন তৃতীয় তলার দুই তলা মাচান বেঁধে কাজ করার সময় নিচে পড়ে মো: আবু মুসা (২৭) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।