মেলবোর্নে জয়ের সেঞ্চুরি জোকোভিচের
Printed Edition
ক্রীড়া ডেস্ক
পুরুষ সিঙ্গেলসে অস্ট্রেলিয়ান ওপেনে সবচেয়ে বেশি ১০ বার শিরোপা জিতেছেন সার্বিয়ার নোভাক জোকোভিচ। সব মিলে পুরুষ এককে রেকর্ড ২৪টি গ্র্যান্ডসø্যাম জয় এই সার্বিয়ান কিংবদন্তির। ২৫তম গ্র্যান্ড সø্যাম জয়ের পর যাত্রা শুরুর করার পথে এবার আরেকটি মাইফলক স্পর্শ করলেন এই সার্বিয়ান। পেদ্রো মার্টিনেজকে গতকাল হারিয়ে মেলবোর্নে জয়ের সেঞ্চুরি পূর্ণ করলেন ৩৮ বছর বয়সী এই টেনিস খেলোয়াড়। স্প্যানিশ ২৮ বছর বয়সী টেনিস তারকাকে ৬-৩, ৬-২ ও ৬-২ গেমে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছেন জোকোভিচ।
ম্যাচ জয়ের পর কোর্টে জোকোভিচ বলেন, ‘আমি কী বলব? সেঞ্চুরিয়ান বেশ ভালো, সেঞ্চুরিয়ান হওয়াটা একটা চমৎকার অনুভূতি। আমি যখন কোর্টে থাকি তখন সবসময় আমার সেরাটা দেই।’
তিনি যোগ করেন, ‘ইতিহাস রচনা করাটা একটা বিরাট প্রেরণা। আমি এই স্তরে খেলতে পেরে ধন্য ও আজ রাতে (গতকাল) এখানে আরেকটি জয় স্বপ্ন পূরণের মতো।’
এদিকে আলেক্সি পপিরিনকে ২-৬, ৬-৩, ৩-৬, ৭-৬ (৭-৫) ও ৭-৬ (১০-৪) গেমে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন আলেকজান্ডার মুলার। প্রথম রাউন্ডে ড্যানিল মেদভেদেভ ৭-৫, ৬-২ ও ৭-৬ (৭-২) গেমে হারিয়েছেন জেসপার ডি ইয়ংকে।
মহিলা এককে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছেন র্যাংকিংয়ে দুই নম্বর তারকা ইগা সুয়েটেক, মারি বুজকোভা, মারিয়া আন্দ্রেভা, ক্যারোলিনা মুচোভা, জেসিকা পেগুলা, এলিনা সভেতোলিনা, কোকো গফ ও ওলগা দানিলোভিচ।