২৫ লাখ টাকা করে পাচ্ছে প্রতিটি ক্লাব
Printed Edition
ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশের ক্রিকেট কাঠামোয় ঢাকা প্রিমিয়ার লিগের গুরুত্ব অনেক। ক্রিকেটারদের কাছে এটি রুটিরুজির প্রধান উৎস। সেই লিগই একসময় বন্ধ হওয়ার শঙ্কায় পড়েছিল। শেষ পর্যন্ত সব অনিশ্চয়তা কাটিয়ে লিগ মাঠে গড়ানোর পথে। এটিকে বড় চ্যালেঞ্জ হিসেবে নিয়েই প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। লিগটিকে আন্তর্জাতিক মানের পর্যায়ে নিয়ে যাওয়াই বোর্ডের প্রধান লক্ষ্য।
প্রতিটি ম্যাচের জন্য রিজার্ভ ডে রাখা হলেও সময় সঙ্কটের কারণে সুপার লিগ রাখা হচ্ছে না। ১২টি দল একে অপরের বিপক্ষে একবার করে খেলেই নির্ধারিত হবে শিরোপা। ৫ মে থেকে শুরু হতে পারে প্রিমিয়ার লিগ। সিঙ্গেল লিগ পদ্ধতিতে ১১ ম্যাচ খেলেই চ্যাম্পিয়ন নির্ধারণ হবে। দলবদলের সম্ভাব্য সময় ২২ এপ্রিল। প্রিমিয়ার লিগের পরিচালন ব্যয় মেটানোর জন্য প্রতিটি ক্লাবকে ২৫ লাখ টাকা করে দেবে বিসিবি।
বিসিবির অ্যাডহক কমিটির সদস্য ও গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু বলেন, ‘আমরা এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। অনেক দেরি হয়ে গেছে তার পরও আলহামদুলিল্লাহ সব শীর্ষস্থানীয় ক্লাব ডিপিএল খেলতে রাজি হয়েছে। আশা করছি ২ মে থেকে শুরু করা যাবে- সে ব্যাপারে সবাই একমত।’
ক্লাবগুলোর পক্ষ থেকে বিভিন্ন দাবি তোলা হয়েছে, যেগুলো পূরণের আশ্বাস দিয়েছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। তবে মাঠের আয়োজনকেই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে সংশ্লিষ্টরা। সেই আয়োজন যেন আন্তর্জাতিক ম্যাচের মানে পৌঁছায়, সে দিকেই জোর দেয়া হচ্ছে।
বাবু আরো বলেন, ‘এই ক্লাবগুলো একসময় খেলোয়াড়রা নিজেদের টাকায় খেলা পরিচালনা করত। তারাই অফিসিয়াল, তারাই খেলোয়াড়। এমন করতে করতেই আজ বাংলাদেশ বিশ্ব দরবারে শক্তিশালী দল। তাই এই খেলাকে সর্বোচ্চ প্রাধান্য দিতে চাই। আন্তর্জাতিক ম্যাচ যেভাবে আয়োজন করি তার আদলেই আয়োজন করতে দিকনির্দেশনা দেয়া হয়েছে।’
ভেনু সঙ্কট ঢাকা প্রিমিয়ার লিগের চিরাচরিত সমস্যা। তবে এবার সেই জায়গাতেও নতুন উদ্যোগ নিয়েছে বোর্ড। আটটি ভেনু নির্ধারণ করা হয়েছে। মিরপুরে জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে শুরু করে পিকেএসপি, বসুন্ধরা স্পোর্টস সিটি, ইউল্যাব মাঠসহ বিভিন্ন স্থানে ম্যাচ হবে।
বিকেএসপির মাঠ দু’টি দীর্ঘ দিন ধরেই এই লিগের ভেনু হিসেবে ব্যবহৃত হলেও, সেখানে যাতায়াত ও সুযোগ-সুবিধা নিয়ে ক্রিকেটারদের কিছু অভিযোগ ছিল। এবার সেই জায়গায় কিছু পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে বিসিবি। খেলোয়াড়দের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা করা হচ্ছে, পাশাপাশি বিকেএসপির হোস্টেল ব্যবহারের পরিকল্পনাও রয়েছে।
এ বিষয়ে বাবু বলেন, ‘ভেনু থাকলেও বিকেএসপি আমাদের দরকার। বিকেএসপিতে হোস্টেল আছে। ক্লাবগুলো প্রস্তাব দিয়েছে, সেখানে খেলোয়াড়দের রাখতে পারলে ভালো হবে। বোর্ড এখন লাঞ্চের ব্যবস্থা করবে। সব ক্লাব খুব খুশি হয়েছে।’