সৈয়দপুরে সাংবাদিকদের সাথে জামায়াত প্রার্থীর মতবিনিময়

Printed Edition
bangla-4
সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন হাফেজ আব্দুল মুনতাকিম : নয়া দিগন্ত

সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা

নীলফামারী-৪ সংসদীয় আসনে জামায়াত প্রার্থী হিসেবে হাফেজ আব্দুল মুনতাকিমের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে দলটির কেন্দ্রীয় নেতৃত্ব। রোববার রাতে সৈয়দপুরে জামায়াতের নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক সমাবেশে কেন্দ্রীয় জামায়াতের পক্ষে নীলফামারী জেলা আমির অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার এ ঘোষণা দেন।

এ উপলক্ষে আয়োজিত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় সৈয়দপুর ও কিশোরগঞ্জ উপজেলার পাঁচ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভায় প্রার্থী হাফেজ আব্দুল মুনতাকিম সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এবং নির্বাচনী ভাবনা তুলে ধরেন। তিনি বলেন, জনগণের নৈতিকতা, সুশাসন ও ইনসাফভিত্তিক রাজনীতির প্রত্যাশা থেকেই জামায়াতে ইসলামী নির্বাচনে অংশ নিচ্ছে। সাধারণ মানুষের অধিকার ও জনদুর্ভোগ লাঘবই তাঁর প্রধান অগ্রাধিকার হবে বলে জানান তিনি।

অনুষ্ঠানে জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার বলেন, নীলফামারী-৪ আসনে জনগণের কাছে গ্রহণযোগ্য ও পরীক্ষিত প্রার্থী হিসেবেই হাফেজ আব্দুল মুনতাকিমকে মনোনয়ন দেয়া হয়েছে। আমরা আশা করি, জনগণ নৈতিক ও সৎ নেতৃত্বের পক্ষে রায় দেবেন।

মতবিনিময় সভায় বক্তব্যে দেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাযহারুল ইসলাম, সৈয়দপুর শহর আমির শরফুদ্দিন খান, সেক্রেটারি ওয়াজেদ আলী, কিশোরগঞ্জ উপজেলা আমির আব্দুর রশিদ শাহ ও সেক্রেটারি ফেরদৌস রহমান। উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা জামায়াতের নায়েবে আমির শফিকুল ইসলাম, সহকারী সেক্রেটারি আব্দুল মোমেন, সাবেক আমির মাওলানা লুৎফর রহমান ও গোলাম মোস্তফা প্রমুখ।