যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে শিক্ষার্থী নিহত শ্যামপুরে এক ব্যক্তির লাশ উদ্ধা
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর যাত্রাবাড়ীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মাহিম মিয়া (১৫) নামে এক মাদরাসা শিক্ষার্থী নিহত হয়েছে। রোববার রাতে কাজলা স্কুল গলি এলাকায় এ ঘটনা ঘটে। অপর দিকে শ্যামপুরের পশ্চিম ধোলাইপাড় সাবান ফ্যাক্টরির গলি এলাকা থেকে মোহাম্মদ মনির হোসেন (৪৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ
নিহত মাহিম কিশোরগঞ্জ সদর উপজেলার দ্বীন ইসলামের ছেলে। সে কাজলা এলাকায় থেকে স্থানীয় একটি মাদরাসায় হেফজ বিভাগের শিক্ষার্থী ছিল।
মাহিমের ভগ্নিপতি মো: রাফি জানান, রোববার রাত ১০টার দিকে অজ্ঞাত পরিচয় সন্ত্রাসীরা মাহিমকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্বজনরা খবর পেয়ে তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। কী কারণে এ ঘটনা ঘটেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু বলতে পারেননি রাফি।
অপর দিকে রাজধানীর শ্যামপুরের পশ্চিম ধোলাইপাড় সাবান ফ্যাক্টরির গলি এলাকা থেকে মোহাম্মদ মনির হোসেন (৪৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে হাসপাতাল সূত্র জানায়।
গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের বাসা শ্যামপুর পশ্চিম ধোলাইপাড় এলাকায়। তার পিতার নাম আব্দুল জলিলের সন্তান। শ্যামপুর থানার এসআই মোহাম্মদ রুবেল জানান, ধোলাইপাড় সাবান ফ্যাক্টরির গলি এলাকায় অচেতন অবস্থায় পড়েছিল ওই ব্যক্তি। পরে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি জানান, নিহত মনিরের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। আমাদের ধারণা কে বা কারা তাকে হত্যা করে রাস্তায় ফেলে রেখে যায়। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।