জুলাই সনদের ভিত্তিতে উচ্চকক্ষ গঠন ও অনিয়মের তদন্ত চান চরমোনাই পীর
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা ও ‘জুলাই সনদ’-এর ভিত্তিতে ভোটের আনুপাতিক হারে সংসদের উচ্চকক্ষ গঠনের দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাইয়ের পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম একইসাথে সদ্য সমাপ্ত নির্বাচনে উত্থাপিত অনিয়মের অভিযোগগুলো গুরুত্বের সাথে তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
গত রাতে পুরানা পল্টনস্থ ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক নির্বাচনোত্তর পর্যালোচনা সভায় তিনি এ কথা বলেন।
চরমোনাই পীর বলেন, “জুলাই সনদ দেশের সব রাজনৈতিক দলের দীর্ঘ আলোচনা ও ঐকমত্যের ভিত্তিতে তৈরি একটি ঐতিহাসিক দলিল। গণভোটের মাধ্যমে জনগণও এর প্রতি সমর্থন জানিয়েছে। এই সনদের নির্দেশনা অনুযায়ী ভোটের অনুপাতে উচ্চকক্ষ গঠন করা এখন সময়ের দাবি এবং রাষ্ট্রের আইনি ও নৈতিক দায়িত্ব।”
নির্বাচনী অনিয়মের বিষয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, বিভিন্ন আসনে এজেন্টদের বের করে দেয়া, রেজাল্ট শিটে কাটাকাটি এবং অকারণে ভোট বাতিলের মতো অভিযোগ পাওয়া যাচ্ছে। তিনি জোর দিয়ে বলেন : নির্বাচনী সকল অভিযোগ আমলে নিয়ে সুষ্ঠু ও বস্তুনিষ্ঠ তদন্ত করতে হবে। অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট আসনের ফলাফল নিয়ে আইনি পদক্ষেপ নিতে হবে। জনগণের ভোটাধিকারের প্রকৃত প্রতিফলন নিশ্চিত করতে হবে।
পর্যালোচনা সভায় আরো উপস্থিত ছিলেন দলের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, প্রেসিডিয়াম সদস্য মাওলানা মোসাদ্দেক বিল্লাহ মাদানী, অধ্যাপক আশরাফ আলী আকন, মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমদ এবং নবনির্বাচিত এমপি মাওলানা অলিউল্লাহ মাহমুদসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
সভায় নেতৃবৃন্দ দেশের রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষায় জুলাই সনদের পূর্ণ বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।