সৌদির তেল শোধনাগারে হাউছিদের হামলা
Printed Edition
রয়টার্স
ইয়েমেনের হাউছিরা জানিয়েছে, তারা সৌদি আরবের আরামকো কোম্পানির জাজান তেল শোধনাগারে হামলা চালিয়েছে। সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের সাথে একটি প্রতিরক্ষা চুক্তি করার দুই দিন পর এ হামলার ঘটনা ঘটল। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যজুড়ে বাড়তে থাকা অস্থিতিশীলতার প্রতিক্রিয়ায় ওই প্রতিরক্ষা চুক্তিতে আবদ্ধ হয়েছে এ তিন দেশ। তুরস্ক ও পাকিস্তানের সাথে সৌদি আরবের এই জোটের লক্ষ্য হল যেকোনো আগ্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ ব্যবস্থাকে শক্তিশালী করা এবং এই তিন দেশের যেকোনো একটির ওপর সশস্ত্র আক্রমণকে সবার ওপর আক্রমণ হিসেবে গণ্য করা।
হাউছিদের সর্বশেষ এই হামলার প্রতিক্রিয়ায় সৌদি আরব যদি কোনো জবাব দেয়, তাতে পাকিস্তান ও তুরস্ক যোগ দেবে কি না, বা দিলে কিভাবে দেবে তা পরিষ্কার না । হাউছিরা গত মাসে লোহিত সাগরে সৌদি আরবের বিরুদ্ধে একটি নৌ-অবরোধের ঘোষণা দেয়। এ প্রসঙ্গে তারা তাদের ওপর সৌদি আরব অবরোধ আরোপ করে রেখেছে বলে অভিযোগ করেছে। তবে রিয়াদ এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে। সৌদি আরবের জ্বালানিমন্ত্রী জানিয়েছেন, জাজানের তেল শোধনাগারে আগুন ধরে গিয়েছিল, কিন্তু পরে তা নিভিয়ে ফেলা হয়। কর্তৃপক্ষ ঘটনাটি তদন্ত করে দেখছে জানালেও তিনি আর বিস্তারিত কিছু জানাননি।
হাউছিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক্স এ এক পোস্টে জানিয়েছেন, তেল শোধনাগারটিকে লক্ষ্যস্থল করতে তারা একটি ড্রোন ব্যবহার করেছে। সেটি আরামকোর জাজান স্থাপনায় আঘাত হেনেছে। তারা লোহিত সাগরে সৌদি আরবের ইয়ানবুতেও আঘাত হেনেছে।
সৌদি আরবের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় জাজান তেল শোধনাগরটি দৈনিক চার লাখ ব্যারেল অপরিশোধিত তেল প্রক্রিয়াজাত করে। পৃথক আরেক বিবৃতিতে সারি জানিয়েছেন, হাউছিরা ইয়েমেনের লোহিত সাগরীয় বন্দর মোকাকে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের লক্ষ্যস্থল করেছে। ইয়েমেনের সৌদি সমর্থিত এডেন-ভিত্তিক সরকারের নিয়ন্ত্রণে আছে মোকা বন্দরটি। একটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালীর কাছে অবস্থিত। বাব আল-মান্দেব লোহিত সাগরকে এডেন উপসাগর ও ভারত মহাসাগরের সাথে সংযুক্ত করেছে।
হাউছিরা যদি এই প্রণালীটি বন্ধ করে দিতে সক্ষম হয় তাহলে সৌদি আরব হরমুজ প্রণালীর বিকল্প এ পথটি থেকেও বঞ্চিত হবে। এডেন-ভিত্তিক ইয়েমেন সরকারের তিনটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, হাউছিরা মোকা বন্দরের বাণিজ্যিক ঘাট ও গুদাম লক্ষ্য করে হামলা চালিয়েছে।