ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলা, এসটিসি নেতার পলায়ন

Printed Edition
onno-1
আইদারোস আল-জুবাইদি

এএফপি ও আলজাজিরা

ইয়েমেনে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট বুধবার সংযুক্ত আরব আমিরাত- সমর্থিত এক বিচ্ছিন্নতাবাদী নেতার প্রদেশে বিমান হামলা চালিয়েছে। প্রেসিডেন্সি থেকে বহিষ্কৃত হওয়ার পর দেশভাগের চেষ্টা করার অভিযোগে তিনি ‘রাষ্ট্রদ্রোহে’ অভিযুক্ত হয়েছেন।

সংযুক্ত আরব আমিরাত-সমর্থিত সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলের (এসটিসি) নেতা আইদারোস আল-জুবাইদির নিজ প্রদেশ ধালে’তে ১৫টির বেশি বিমান হামলা চালানো হয়। গত মাসে এসটিসি এই অঞ্চলের বিস্তীর্ণ এলাকা দখল করলেও পরে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট ও সৌদি-পন্থী বাহিনীর পাল্টা অভিযানে তাদের অগ্রযাত্রা থেমে যায়।

হামলায় চারজন নিহত হয়েছেন বলে দু’টি হাসপাতাল সূত্র এএফপিকে জানিয়েছে। জোটের পক্ষ থেকে বলা হয়েছে, রিয়াদে নির্ধারিত আলোচনায় উপস্থিত না হয়ে আল-জুবাইদি পালিয়ে যান এবং ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে, বিশেষ করে এডেনের আশপাশে ‘বৃহৎ বাহিনী’ সমবেত করেন।

সাম্প্রতিক এই পরিস্থিতি এডেনকে কেন্দ্র করে আমিরাত-সমর্থিত এসটিসি ও সৌদি-পন্থী বাহিনীর মধ্যে সরাসরি সংঘর্ষের আশঙ্কা বাড়িয়েছে। ২০১৪ সালে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা রাজধানী সানা দখল করার পর থেকে এডেনই আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের ঘাঁটি।

এসটিসির অগ্রযাত্রা এবং সৌদি আরবের কঠোর প্রতিক্রিয়ায় ইয়েমেনে প্রভাব বিস্তার নিয়ে প্রতিদ্বন্দ্বী তেলসমৃদ্ধ রাষ্ট্র সংযুক্ত আরব আমিরাতের সাথে সম্পর্কের তীব্র অবনতি হয়েছে। জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি এক বিবৃতিতে বলেন, ‘এডেনের ভেতরে ডজনখানেক উপাদানের কাছে অস্ত্র ও গোলাবারুদ বিতরণের পর আল-জুবাইদি অজ্ঞাত স্থানে পালিয়ে যান।’

তিনি আরো বলেন, আল-জুবাইদি যাতে সঙ্ঘাত আরো উসকে দিতে এবং তা ধালে প্রদেশে ছড়িয়ে দিতে না পারেন, সেজন্য নতুন করে হামলা চালানো হয়েছে। সংঘর্ষ প্রশমনের লক্ষ্যে আলোচনার জন্য মঙ্গলবার সৌদি আরবের রাজধানী রিয়াদে যাওয়ার কথা ছিল আল-জুবাইদির। তবে, তার বিমান দেরিতে ছাড়ে এবং সেটি ছেড়ে যাওয়ার সময় তিনি বিমানে ছিলেন না বলে জোট জানায়। এসটিসির এক কর্মকর্তা এএফপিকে বলেন, সৌদি আরবে গেলে তাকে সংগঠনটি ভেঙে দিতে বলা হবে- এমন তথ্য পাওয়ার পর আল-জুবাইদি সফর বাতিলের সিদ্ধান্ত নেন। তিনি জানান, আইদারোস ছাড়া প্রতিনিধি দল রিয়াদের উদ্দেশে রওনা দেয়।

এসটিসির নেতা পালিয়েছেন, দাবি সৌদি জোটের

সংযুক্ত আরব আমিরাত সমর্থিত ইয়েমেনি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলের (এসটিসি) নেতা আইদারুস আল-জুবাইদি রিয়াদে যাওয়ার বিমানে না উঠে অজ্ঞাত গন্তব্যে পালিয়ে গেছেন বলে সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনী জানিয়েছে।

বুধবার জোট বাহিনী জানিয়েছে, নির্ধারিত ওই বিমানে করে তাকে সৌদি আরবের রাজধানীতে নিয়ে যাওয়ার কথা থাকলেও তিনি তা করতে ব্যর্থ হয়েছেন। রয়টার্স জানিয়েছে, গত মাসে এসটিসি ও ইয়েমেনের সৌদি সমর্থিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের অনুগত বাহিনীর মধ্যে লড়াই শুরু হয়। এ লড়াই বন্ধ করার প্রচেষ্টার মধ্যেই এ ঘটনা ঘটল। ইয়েমেনে এই দুই বাহিনীর লড়াই নিয়ে পারস্য উপসাগরীয় দুই প্রভাবশালী আরব দেশের মধ্যে বড় ধরনের বিবাদ শুরু হয়েছে।

দুই দিন আগে ইয়েমেনের সৌদি সমর্থিত সরকার জানিয়েছিল, তারা দক্ষিণাঞ্চলের সমস্যা নিয়ে রিয়াদকে একটি মুক্ত আলোচনার আয়োজন করতে বলেছে। এই আলোচনায় যোগ দিতে জুবাইদির রিয়াদে যাওয়ার কথা ছিল। এক বিবৃতিতে জোট বাহিনীর মুখপাত্র তুর্কি আল-মালিকি জানিয়েছেন, একটি ফ্লাইট বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটি বড় দলকে নিয়ে রিয়াদের পথে রওনা হয়। এর আগে ফ্লাইটটি জুবাইদির জন্য তিন ঘণ্টারও বেশি সময় দেরি করে; কিন্তু তিনি আসেননি, কোথায় আছেন সে তথ্যও জানাননি।

মালিকি আরো বলেন, ‘দেরির সময় যেসব খবর পাওয়া যেতে থাকে তাতে ইঙ্গিত মেলে যে তিনি অনেক বড় বাহিনী নিয়ে প্রস্তুত হচ্ছেন এবং আন্দোলন ও সংহতি প্রকাশের আহ্বান জানিয়েছেন আর হালকা ও মাঝারি অস্ত্রশস্ত্র দিয়ে দলগুলোতে সজ্জিত করছেন।’