সোনারগাঁওয়ে যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা, থানায় মামলা

Printed Edition

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পূর্ব শত্রুতার জের ধরে এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। গত রোববার রাত সাড়ে ৯টায় উপজেলার পিরোজপুর ইউনিয়নের রতনপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম মো: লিটন (৩১)। তিনি রংপুর জেলার জাহিদুল হকের ছেলে। লিটন সোনারগাঁওয়ে বৈদ্যের বাজার ইউনিয়নের হামছাদী এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। এ ঘটনায় গতকাল সোমবার সকালে নিহতের স্ত্রী মাফিয়া আক্তার মাহি বাদি হয়ে সাতজনের নাম উল্লেখ করে অজ্ঞাত সাত/আটজনের বিরুদ্ধে সোনারগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, লিটন সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় একটি গাড়ির শোরুমের কাজ করেন। তার সাথে সোনারগাঁওয়ে সাকিব ও সাত ভাই গ্রুপের সাথে পূর্বের দ্বন্দ্ব ছিল। গত রোববার রাতে লিটন পিরোজপুর ইউনিয়নের রতনপুর এলাকায় গেলে এলাকার সন্ত্রাসী ডন রাসেল, সাকিব, ইমরান, সাত ভাই গ্রুপের জসিম, ওয়াসিম, ওসমান ও কাঠগুণ্ডা জসিমের নেতৃত্বে সাত/আটজনের একটি দল হামলা করে লিটনকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে পালিয়ে যায়। এলাকাবাসী তাকে মূমুর্ষ অবস্থায় উদ্ধার করে স্থানীয় সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

মামলার বাদি ও নিহতের স্ত্রী মাফিয়া আক্তার মাহি বলেন, তার স্বামীকে সন্ত্রাসী রাসেল, সাকিব গংরা নির্মমভাবে হত্যা করেছে।