বাঘারপাড়ায় যৌথবাহিনীর অভিযানে হ্যান্ডগ্রেনেড বিদেশী পিস্তলসহ গোলাবারুদ উদ্ধার

Printed Edition

বাঘারপাড়া (যশোর) সংবাদদাতা

যশোরের বাঘারপাড়ায় যৌথবাহিনীর বিশেষ অভিযানে বিদেশী পিস্তল, গোলাবারুদ, দেশীয় অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার হয়েছে। গত শনিবার বিকেল ৪টা থেকে রাত সাড়ে ১২টা পর্যন্ত এ অভিযান চলানো হয়। অভিযানের নেতৃত্ব দেন সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের অধীনস্থ ৮৮ পদাতিক বিগ্রেড। গতকাল রোববার বেলা ১১টায় বাঘারপাড়া ডিগ্রি কলেজে অবস্থিত অস্থায়ী সেনা ক্যাম্পে এ বিষয়ে সেনাবাহিনী গণমাধ্যম কর্মীদের আনুষ্ঠানিক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে লে. ক. রেজাউর রহমান (পিপিএমপিএসসি) জানান, বাঘারপাড়ার ধলগ্রাম ইউনিয়নের দড়ি আগড়া গ্রামের চুন্নু মিয়ার ছেলে রায়হানের (২৭) বাড়ি থেকে ১০টি হ্যান্ড গ্রেনেট সদৃশ বোমা, চারটি বিদেশী পিস্তল, সাতটি ম্যাগজিন, ৩৯ রাউন্ড এ্যামোনিশন, নয়টি দেশীয় ধারালো অস্ত্র, পাঁচটি মোবাইল ও এক্সসোরিজ, ছয়টি সিমকার্ড, পাঁচটি সিসিটিভি ক্যামেরা, দু’টি ওয়াকিটকি সেট, পটকাবাজি ও নগদ কিছু ধাতব মুদ্রা উদ্ধার হয়।

অভিযানের একপর্যায়ে তল্লাশি চলাকালে একটি স্টিলের ট্রাংকের ভেতর ১০টি হ্যান্ড গ্রেনেট সদৃশ বোমা পাওয়া যায়। সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল দল গ্রেনেড সদৃশ বস্তগুলোকে উচ্চ বিস্ফোরক বোমা হিসেবে চিহ্নিত করে। এরপর সেগুলো নিরাপদ স্থানে বিস্ফোরণের মাধ্যমে ধ্বংস করা হয়। শ^াসরুদ্ধকার এ অভিযানটি ৮ ঘণ্টারও অধিক সময় ধরে পরিচালিত হয়।

যৌথবাহিনী ধারণা করছে নির্বাচন পূর্ববর্তী সময়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার উদ্দেশ্যে দুষ্কৃতকারীরা এই অস্ত্র-গোলাবারুদ ব্যবহার করার পরিকল্পনায় ছিল। বাঘারপাড়া থানার ওসি মাহামুদুল হাসান জানিয়েছেন, এ বিষয়ে বাঘারপাড়া থানায় মামলা হয়েছে।