দাউদকান্দিতে ইসলামী ব্যাংক এজেন্ট শাখার ভল্ট ভেঙে ১৭ লাখ টাকার বেশি লুট
Printed Edition
দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা
গত সোমবার রাতের কোনো এক সময় দাউদকান্দি উপজেলার নৈয়াইর বাজারে আলম সুপার মার্কেটের দ্বিতীয় তলায় মাওলানা সাইফুল ইসলাম জিহাদির নামে বরাদ্দকৃত উপজেলার ১৬ নং ইসলামী ব্যাংক এজেন্ট শাখার ভল্ট ভেঙে ১৭ লক্ষাধিক টাকা লুট হয়েছে। মাওলানা সাইফুল ইসলাম জিহাদি ও তার স্ত্রী শাখার ক্যাশিয়ার সুরাইয়া ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
মাওলানা সাইফুল ইসলাম রংপুরে অবস্থান করায় তিনি ফোনে বিভিন্ন তথ্য নিশ্চিত করেন। তার স্ত্রী সুরাইয়া ইসলাম বলেন, অন্যান্য দিনের মতো ব্যাংকিং কাজ শেষে ১৭ লক্ষাধিক টাকা ভল্ট ও ড্রয়ারে রেখে গেটের বাইরে চারটি তালা লাগিয়ে চলে যায়, এখানে মোট চারজন স্টাফ রয়েছে। গতকাল সকাল ১০টার কিছু আগে ব্যাংক এসে দেখতে পান দুর্বৃত্তরা জানালার দক্ষিণ দিকে গ্রিল কেটে ভিতরে ঢুকে ড্রয়ার এবং ভল্ট রুমের তালা ভেঙে ১৭ লক্ষাধিক টাকা নিয়ে গ্রিল দিয়েই পালিয়ে যায়। সিসিটিভির আলামত থেকে বাঁচার জন্য চক্রটি রাউডারসহ অন্যান্য মালামাল নিয়ে যায়। ইসলামী ব্যাংক গৌরীপুর শাখার তত্ত্বাবধানে এটি ১৬তম শাখা বলে নিশ্চিত করেন এজেন্ট ইনচার্জ মো: অলি উল্লাহ। শাখা মালিক এটি ব্যাংক ডাকাতি বললেও দাউদকান্দি মডেল থানার ওসি আব্দুল হালিম জানান, এটি চুরির ঘটনা। এজেন্ট কর্তৃপক্ষ অভিযোগ দিলে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এ দিকে মাওলানা সাইফুল ইসলাম জিহাদি ফোনে বলেন, খবর পেয়েই আমি রংপুর থেকে দাউদকান্দির উদ্দেশে রওনা করেছি এসেই আমি থানায় গিয়ে লিখিত অভিযোগ পেশ করব।