চলন্ত ফ্লাইটে ধূমপান যাত্রীর বিরুদ্ধে মামলা
Printed Edition
নয়া দিগন্ত ডেস্ক
প্লেনের ভেতর বিড়ি জ্বালানোর অভিযোগে এক যাত্রীর বিরুদ্ধে মামলা করেছে ভারতের পুলিশ। গত শনিবার দিল্লি থেকে গোয়াগামী আকাসা এয়ারের একটি ফ্লাইটে এ ঘটনা ঘটেছে। অভিযুক্ত যাত্রী আশীষ দিল্লির বাসিন্দা।
পুলিশের তথ্য মতে, প্লেনের টয়লেটের ভেতরে ওই যাত্রী ধূমপান করেন। পরে তার কাছে একটি লাইটারও পাওয়া যায়, যা প্লেনের নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ বলে বিবেচিত।
এ ঘটনায় আকাসা এয়ারের অভিযোগের ভিত্তিতে গোয়ার মোপা বিমানবন্দর থানায় ওই যাত্রীর বিরুদ্ধে মামলা হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতা এবং বেসামরিক বিমান নিরাপত্তা সংক্রান্ত আইনের বিভিন্ন ধারায় তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। পুলিশ বলছে, এ ঘটনায় প্লেনের অন্য যাত্রী ও ক্রুদের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়েছিল। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
বিমান সংস্থাটি জানিয়েছে, ক্রুরা নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেন এবং গোয়ায় অবতরণের পর অভিযুক্ত যাত্রীকে কর্তৃপক্ষের হাতে তুলে দেন। ইন্টারনেট।