‘বিদ্রোহী চেতনায় সাম্য ও ইনসাফের বাংলাদেশ গড়ার আহ্বান’

Printed Edition
3rd-2
জাতীয় কবি ও ওসমান হাদির সমাধি প্রাঙ্গণে স্মরণ সভায় বক্তব্য দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও বিপ্লবী শহীদ শরিফ ওসমান হাদির সমাধি প্রাঙ্গণে আয়োজিত এক স্মরণসভায় জাতীয় কবি ও বিপ্লবী শহীদ হাদির বিদ্রোহী চেতনায় সাম্য, সম্প্রীতি ও ইনসাফভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের আহ্বান জানানো হয়েছে। বিদ্রোহী কবিতা প্রকাশের ১০৪ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক নিয়াজ আহমেদ খান বলেন, শত বছর আগে নজরুলের লেখনীতে প্রথম বাংলাদেশ নাম উচ্চারিত হয়। তার কবিতা ও দর্শনে মানুষের মর্যাদা, সাম্য ও মানবতার যে বার্তা রয়েছে, তা আজও আমাদের পথনির্দেশক। নজরুলের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে হবে। গতকাল বিদ্রোহী নজরুল-বিপ্লবী ওসমান হাদি স্মরণ কমিটি এবং বিদ্রোহী কবিতার শতবর্ষ উদযাপন জাতীয় কমিটির যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। কবি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আলোচনা সভার পাশাপাশি সমবেত কণ্ঠে বিদ্রোহী কবিতা পাঠ, দোয়া ও মুনাজাত, শ্রদ্ধা জ্ঞাপন এবং শপথ পাঠ অনুষ্ঠিত হয়।

মঞ্জুর হোসেন ঈসার সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন বিদ্রোহী কবিতার শতবর্ষ উদযাপন জাতীয় কমিটির আহ্বায়ক মুহাম্মদ আতা উল্লাহ খান। প্রধান আলোচক ছিলেন কবি মাহমুদুল হাসান নিজামী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ, পরিবেশবাদী নেতা ও সবুজ আন্দোলনের চেয়ারম্যান বাপ্পি সরদার, বিদ্রোহী কবিতার শতবর্ষ উদযাপন জাতীয় কমিটির সদস্য সচিব ড. শাহরিয়ার ইফতেখার ফুয়াদসহ অন্যান্য অতিথিরা।

উদ্বোধনী বক্তব্যে মুহাম্মদ আতা উল্লাহ খান বলেন, নজরুলের বিদ্রোহী চেতনা, সাম্যবাদ ও মানবতার দর্শন এবং শহীদ শরিফ ওসমান হাদির আত্মত্যাগ আমাদের সমাজ পরিবর্তনের প্রেরণা। ড. শাহরিয়ার ইফতেখার ফুয়াদ বলেন, বৈষম্য ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে গণতন্ত্র ও সুশাসন নিশ্চিত করতে হবে।

সভাপতির বক্তব্যে কবি আব্দুল্লাহ আল মামুন বলেন, নজরুল ও ওসমান হাদির আদর্শ শোষণ ও অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামে আজও প্রাসঙ্গিক। তাদের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি। বিজ্ঞপ্তি।