হাদি হত্যার বিচার দাবিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি পালন

Printed Edition
more
সিলেট নগরীর চৌহাট্টায় কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইনসাফ কর্মসূচিতে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা : নয়া দিগন্ত

ঢাবি প্রতিনিধি

শহীদ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিতসহ ঘোষিত চার দফা দাবি আদায়ের লক্ষ্যে রাজধানী ঢাকা ও সিলেটে একযোগে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি পালন করেছে ইনকিলাব মঞ্চ। গতকাল মঙ্গলবার বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে এসব কর্মসূচি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়।

রাজধানীতে গতকাল বেলা সাড়ে ১১টায় শাহবাগের হাদি চত্বর থেকে ‘মার্চ ফর ইনসাফ’ শুরু হয়। আয়োজকদের ভাষ্য অনুযায়ী, অন্তত ১০টি পিকআপ ট্রাকে করে নেতাকর্মীরা শাহবাগ, সায়েন্সল্যাব-সিটি কলেজ, মোহাম্মদপুর তিন রাস্তার মোড়, রায়েরবাজার বধ্যভূমি, মিরপুর-১০, উত্তরা, বসুন্ধরা, বাড্ডা, রামপুরা ও যাত্রাবাড়ী এলাকা প্রদক্ষিণ করেন। সন্ধ্যায় আবার শাহবাগের হাদি চত্বরে এসে মার্চটি শেষ হয়। পথযাত্রাকালে বিভিন্ন স্লোগানে রাজপথ মুখরিত হয়ে ওঠে।

কর্মসূচিতে অংশ নেয়া শরিফুল ইসলাম বলেন, ‘হাদি হত্যার বিচার কেন এখনো হয়নি- এর জবাব আমরা চাই। বিচার বিলম্বিত হলে আন্দোলন আরো জোরদার করা হবে।’ মার্চ থেকে ইনকিলাব মঞ্চ চার দফা দাবি পুনর্ব্যক্ত করে। দাবিগুলো হলো- আগামী ২৪ দিনের মধ্যে খুনি, হত্যার পরিকল্পনাকারী, সহায়তাকারী, পলায়নে সহযোগী ও আশ্রয়দাতাসহ পুরো খুনিচক্রের বিচার সম্পন্ন করা; বাংলাদেশে অবস্থানরত সব ভারতীয় নাগরিকের ওয়ার্ক পারমিট বাতিল; ভারতে আশ্রয় নেয়া খুনিদের ফেরত দিতে অস্বীকৃতি জানালে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের; এবং সিভিল ও মিলিটারি ইন্টেলিজেন্সে লুকিয়ে থাকা ফ্যাসিস্ট দোসরদের চিহ্নিত করে গ্রেফতার ও বিচার নিশ্চিত করা।

কর্মসূচি শেষে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের জানান, হাদি হত্যার চার্জশিটসংক্রান্ত বিষয়ে আজ বুধবার সংবাদ সম্মেলন করবে সংগঠনটি। সংগঠনের মুখপাত্র শরিফ ওসমান বলেন, ‘এই সরকারের আমলেই হাদি হত্যার বিচার শেষ করতে হবে। কোনো টালবাহানা মেনে নেয়া হবে না।’

এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, হাদি হত্যাকাণ্ডের ঘটনায় চূড়ান্ত চার্জশিট ৭ জানুয়ারি দেয়া হবে। এ ঘোষণার পরও দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় ইনকিলাব মঞ্চ। রাজধানীর কয়েকটি এলাকায় সাময়িক যানজট হলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল।

এ দিকে সিলেট ব্যুরো জানিয়েছে, একই দাবিতে সিলেটেও ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি পালিত হয়েছে। ইনকিলাব মঞ্চ শাবিপ্রবি ও সিলেট শাখার উদ্যোগে মঙ্গলবার নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণের হাদি মঞ্চে বেলা ২টা থেকে সন্ধ্যা পর্যন্ত অবস্থান কর্মসূচি চলে। এতে বক্তব্যের পাশাপাশি বিপ্লবী গান ও কবিতা পরিবেশন করা হয় এবং বিভিন্ন দাবিসংবলিত ব্যানার-প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়।

বক্তারা ন্যায়বিচার ও ইনসাফ প্রতিষ্ঠার সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। স্লোগানে মুখরিত কর্মসূচিতে ‘হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেবো না’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’সহ নানা প্রতিবাদী স্লোগান উচ্চারিত হয়। ইনকিলাব মঞ্চ শাবিপ্রবির আহ্বায়ক হাফিজুল ইসলাম বলেন, হাদি হত্যার বিচার শুধু একটি হত্যাকাণ্ডের বিচার নয়; এটি ন্যায়বিচার ও রাষ্ট্রীয় দায়বদ্ধতার প্রশ্ন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন আরো বিস্তৃত হবে বলে জানান নেতারা।