আর্সেনালের হার ড্র রিয়ালের

Printed Edition

ক্রীড়া ডেস্ক

চিরচেনা মাঠ, নিজেদের দর্শক; কিন্তু নি®প্রভ ফুটবল। মৌসুমের শেষ দিকে এসে ছন্দ হারিয়ে ধুঁকছে আর্সেনাল। সব প্রতিযোগিতা মিলে যেন দুঃসময়ই পার করছে মিকেল আর্তেতার শীর্ষরা। প্রথমে ইএফএল কাপের ফাইনালে ম্যানচেস্টার সিটির কাছে হার। এরপর এফএ কাপের কোয়ার্টার ফাইনালে সাউদাম্পটনের কাছে ২-১ ব্যবধানে পরাজিত হয়ে ছিটকে পড়া। তবে ইউরোপসেরার প্রতিযোগিতায় শেষ আটের প্রথম লেগে পর্তুগালের ক্লাব স্পোর্টিং সিপিকে হারালেও এবার ইংলিশ প্রিমিয়ার লিগে আবার হোঁচট খেলো গানাররা। সব প্রতিযোগিতা মিলে শেষ চার ম্যাচের তিনটি হার। এমিরেটসে গতকাল বোর্নমাউথের কাছে ২-১ ব্যবধানে পরাজয় নিয়ে মাঠ ছাড়ে শিরোপার পথে ছুটতে চলা আর্সেনাল।

এ দিকে স্প্যানিশ লা লিগায় নিজেদের মাঠে গত পরশু ম্যাচজুড়ে আক্রমণে দাপট দেখাল রিয়াল মাদ্রিদ। গোলের অনেক সুযোগও পেল তারা, কিন্তু গোল মুখে খুব একটা কার্যকর হতে পারলেন না কিলিয়ান এমবাপ্পে-ভিনিসিয়াস জুনিয়ররা। ম্যাচের ৫১ মিনিটে ফেদেরিকো ভালভার্দের গোলে এগিয়েও গিয়েছিল বার্নাব্যুর দলটি। কিন্তু ব্যবধান বেশিক্ষণ ধরে রাখতে পারল না আলভারো আরবেলোয়ার দল। ৬২ মিনিটে জিরোনাকে সমতায় ফেরান টমাস লেমার। শেষ পর্যন্ত আর জালের দেখা পেল না স্বাগতিক দল। তাদের মাঠে ১-১ গোলের ড্রতে পয়েন্ট আদায় করে নিলো জিরোনা। এই পরাজয়ে শিরোপা পুনরুদ্ধারের পথে আরো বড় ধাক্কা খেল রিয়াল মাদ্রিদ। এই ড্রয়ের ফলে ৩১ ম্যাচ শেষে ৭০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে অবস্থান করছে লস ব্লাঙ্কোসরা। এক ম্যাচ কম খেলে ৭৬ পয়েন্ট বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনার।

এমিরেটস স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই ছন্নছাড়া ছিল আর্সেনাল। সেই সুযোগই কাজে লাগিয়েছে সফরকারী দল। প্রতিপক্ষের মাঠে ১৭ মিনিটে সৌভাগ্যের গোলে এগিয়ে যায় বোর্নমাউথ। অরক্ষিত ডিফেন্ডার আন্দ্রিয়েন ট্রুফার্টের ক্রস উইলিয়াম সালিবার পায়ে লেগে দিক পরিবর্তন করলে অনেকটা লাফিয়ে জাল খুঁজে নেন জুনিয়র ক্রুপি। মাত্র চতুর্থ টিনএজার হিসেবে প্রিমিয়ার লিগে অভিষেক মৌসুমে ১০ বা এর বেশি গোল করলেন তিনি।