ভোট পুনর্গণনার নির্দেশ উপেক্ষা করে ক্ষমতা গ্রহণের ঘোষণা হন্ডুরাসের প্রেসিডেন্টের
Printed Edition
রয়টার্স
যুক্তরাষ্ট্রের সমর্থনপুষ্ট হন্ডুরাসের নবনির্বাচিত প্রেসিডেন্ট নাসরি আসফুরা জানিয়েছেন, বিদায়ী সরকার ভোট পুনর্গণনার নির্দেশ দিলেও তিনি চলতি মাসের শেষের দিকেই দায়িত্ব গ্রহণ করবেন। ওয়াশিংটনে এক বক্তব্যে তিনি জোর দিয়ে বলেন, ৩০ নভেম্বরের নির্বাচনের ফলাফল জনগণের ইচ্ছার প্রতিফলন এবং একে অবশ্যই সম্মান জানাতে হবে।
আসফুরা জানান, তার প্রশাসন পরিকল্পনা অনুযায়ীই এগিয়ে যাবে। তিনি বলেন, ‘আমরা দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছি এবং সম্ভাব্য সর্বোত্তম উপায়ে হন্ডুরাস শাসন করব।’ রাজধানী তেগুসিগালপার সাবেক মেয়র আসফুরা দীর্ঘ ভোট গণনা শেষে সামান্য ব্যবধানে বিজয়ী ঘোষিত হন। তবে তার প্রধান প্রতিদ্বন্দ্বী সালভাদর নাসরাল্লা জালিয়াতির অভিযোগ তুলে ফলাফল চ্যালেঞ্জ করেছেন।
বিদায়ী প্রেসিডেন্ট জিওমারা কাস্ত্রো ভোট পুনর্গণনার নির্দেশ দিয়ে যুক্তি দেখান যে, সব ভোটের প্রতিবেদন সঠিকভাবে পর্যালোচনা করা হয়নি। উল্লেখ্য, সাংবিধানিক বাধার কারণে কাস্ত্রো আবারো নির্বাচনে অংশ নিতে পারেননি। আসফুরা আশা প্রকাশ করেন যে, আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে যুক্তরাষ্ট্র শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের পক্ষে থাকবে। মার্কিন পররাষ্ট্র দফতর সতর্ক করে দিয়েছে, নির্বাচন বাতিলের যেকোনো অবৈধ প্রচেষ্টার গুরুতর পরিণতি ভোগ করতে হবে।
ভোটের আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে আসফুরাকে সমর্থন জানিয়েছিলেন। ওয়াশিংটন সফরকালে আসফুরা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুতনিকের সাথে সাক্ষাৎ করেন। নবনির্বাচিত প্রেসিডেন্ট জানান, তার অগ্রাধিকারের মধ্যে রয়েছে সরকারি ব্যয় কমানো, সরকারের আকার ছোট করা এবং বিদেশী বিনিয়োগ আকর্ষণে অবকাঠামো খাতে অর্থায়ন।