সোনারগাঁওয়ে বিএনপি নেতার হুমকি

ধানের শীষে ভোট না দিলে রেহাই নেই

Printed Edition

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনী প্রচারণায় সোনারগাঁও থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিনের এ হুমকির বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় বিষয়টি নিয়ে এলাকায় গত দু’দিন ধরে ব্যাপক আলোচনা-সমালোচনা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার বিকেল ৪টায় সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ছোট সাদিপুর এলাকায় নির্বাচনী প্রচারণার সময় নিজাম উদ্দিন তার বক্তব্যে বলেন, ‘ধানের শীষ প্রতীক ছাড়া অন্য কোনো প্রতীকে ভোট দিলে নির্বাচনের পর কাউকে রেহাই দেওয়া হবে না।’ ওই বক্তব্য মোবাইল ফোনে ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া হয়েছে।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর গত দুই দিন ধরে সাধারণ ভোটারদের মধ্যে ভয় ও উৎকণ্ঠা বেড়ে যায়। ভিডিওতে দেখা যায়, নিজামউদ্দিন বক্তব্যকালে সভায় উপস্থিত ছিলেন মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য আবু জাহের, মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক শামীম আহমেদ, মোগরাপাড়া ইউনিয়ন যুবদলের আহবায়ক বাবুল আহমেদ, যুবদল নেতা রাকিব হোসেন, স্বেচ্ছাসেবক পার্টির থেকে পদত্যাগী পৌরসভার আহবায়ক ওমর ফারুক টিটু, তার ভাই ওসমান গণি রিতু প্রমুখ।

অভিযুক্ত সোনারগাঁও থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন জানান, তার আত্মীয়স্বজনদের নিয়ে তিনি উঠান বৈঠক করেন। তার কিছু আত্মীয়স্বজন বিএনপি প্রার্থীর পক্ষে প্রকাশ্যে থাকলেও গোপনে অন্য প্রার্থীর পক্ষে অবস্থান নেয়। এ নিয়ে তার আত্মীয়স্বজনদের শাঁসিয়েছেন বলে তিনি দাবি করছেন। সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার আসিফ আল জিনাত বলেন, ভিডিওর বিষয়টি তার নজরে এসেছে।