দেশের সব বন্ধ টেক্সটাইল ও জুট মিল চালু করা হবে : প্রতিমন্ত্রী শরীফুল আলম
Printed Edition
নীলফামারী প্রতিনিধি
‘পর্যায়ক্রমে বন্ধ থাকা সব টেক্সটাইল ও জুট মিল চালু করা হবে’ মন্তব্য করে বস্ত্র ও পাট মন্ত্রণালয় প্রতিমন্ত্রী মো: শরীফুল আলম বলেছেন, ‘সারা বাংলাদেশে বন্ধ মিলগুলো বিশেষ করে পাট এবং বস্ত্র মন্ত্রণালয়ের অধীনস্থ টেক্সটাইল ও জুট মিলগুলো পরিদর্শন করছি। পর্যায়ক্রমে দেশী-বিদেশী বিনিয়োগকারী এনে আমরা এই ইন্ডাস্ট্রিগুলো চালু করার প্রক্রিয়া শুরু করেছি।’
গতকাল সকালে বন্ধ থাকা নীলফামারীর দারোয়ানী টেক্সটাইল মিল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, আমাদের নির্বাচনী ইশতেহারে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী সারা বাংলাদেশে যে সমস্ত প্রতিষ্ঠান বন্ধ আছে বিশেষ করে টেক্সটাইল মিল বা জুট মিল সেগুলো চালুর ব্যাপারে আমরা কার্যক্রম শুরু করেছি।’
দারোয়ানী টেক্সটাইল মিলে দ্রুত কর্মচঞ্চলতা ফিরে আসবে উল্লেখ করে তিনি বলেন, ‘একটা সুখবর হলো এই মিলটি নিয়ে ইতোমধ্যে আমরা ইন্টারন্যাশনাল টেন্ডার আহ্বান করেছি। এটা মূল্যায়নের কাজ চলছে। আমরা একটা ভালো বিনিয়োগকারীও পেয়েছি। আশা করছি দুই থেকে তিন মাসের মধ্যে এই মিল আবারো চালু হবে এবং এই এলাকার মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হবে।’ শরীফুল আলম বলেন, ‘আমাদের যে শিল্পায়নের জায়গাগুলো আছে যেগুলো বন্ধ হয়ে আছে, সেগুলো চালু করা, কর্মসংস্থান তৈরি করা এবং ইনভেস্টমেন্ট বাড়ানো আমাদের লক্ষ্য। যত বেশি বিনিয়োগ আমরা আনতে পারব, ততই মানুষের কর্মসংস্থান হবে। আমাদের অর্থনীতি, বিশেষ করে জেলা পর্যায়ে প্রান্তিক মানুষগুলোর মধ্যে আবার আশার সঞ্চার হবে। গত ১৭ বছর দেশের অর্থনৈতিক কার্যক্রম স্থবির ছিল উল্লেখ করে মন্ত্রী বলেন, আমরা আসলে পিছনে যেতে চাই না। আমরা সামনে এগিয়ে যেতে চাই। আমাদের সরকারের মূল লক্ষ্যই হলো বিনিয়োগ বাড়ানো, কর্মসংস্থান সৃষ্টি করা। অর্থনৈতিক প্রাণচাঞ্চল্য আবার ফিরিয়ে আনা।’
সোনালি আঁশের যুগ পুনরুদ্ধারে নানাবিধ কর্মসূচি নেয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন,‘সোনালি আঁশ ছিল আমাদের একটা ঐতিহ্য। এটা আজকে অনেকটা কমে এসেছে। হারিয়ে যাচ্ছে। এটাকে পুনরুদ্ধারের জন্য আমরা নানাবিধ কর্মসূচি নিয়েছি। আমরা যে পানিতে পাট জাগ দিতাম, সেই জাগের জন্য পানির যে দুষ্প্রাপ্যতা, এটাকে ঠিক করার জন্য খাল খনন কর্মসূচি আবারো দেশে চালু হয়েছে। প্রতিটা বাড়ির সামনে পেছনে যেন পানির প্রবাহ থাকে। প্রাকৃতিক পানিতে যাতে এই পাট জাগ দেয়া যায়। পাট চাষিদেরকে প্রযুক্তিগত সহায়তা দিতে হবে।
টেক্সটাইল মিল পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়নের ক্লাসিক্যাল হ্যান্ডমেড প্রডাক্ট বিডি কারখানা পরিদর্শন করেন।
এ সময় নীলফামারী-২ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আলফারুক আব্দুল লতিফ, বস্ত্র পাট মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমি, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: সাইদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার এ বি এম ফয়জুল ইসলামসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।