হলিউড চেম্বার অব কমার্সের স্বীকৃতি পেলেন মিরসরাইয়ের মহিন

Printed Edition

মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মর্যাদাপূর্ণ হলিউড চেম্বার অব কমার্সের ‘কমিউনিটি লিডার’ পদে মনোনীত হয়ে নতুন ইতিহাস গড়েছেন বাংলাদেশী বংশোদ্ভূত ব্যবসায়ী মিরসরাইয়ের কৃতী সন্তান আরিফুর রহমান মহিন। প্রথম বাংলাদেশী ব্যবসায়ী হিসেবে এই সম্মান অর্জন তার নেতৃত্বগুণ, ব্যবসায়িক সাফল্য এবং সামাজিক সম্পৃক্ততার একটি আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।

ক্যালিফোর্নিয়া এককভাবে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হিসেবে পরিচিত। এমন একটি অর্থনৈতিক শক্তিশালী অঞ্চলের অন্যতম প্রভাবশালী সংগঠন থেকে এই স্বীকৃতি অর্জন নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

হলিউডের পর্যটনভিত্তিক ব্যবসায় তিনি এরই মধ্যে একটি শক্ত অবস্থান তৈরি করেছেন। ‘হলিউড বেস্ট সুভিনিয়ার’, ‘হলিউড সুভিনিয়ার ল্যান্ড’ এবং ‘হলিউড সুভিনিয়ার হাট’-এই তিনটি প্রতিষ্ঠানের মাধ্যমে তিনি হলিউডের অন্যতম পরিচিত সুভিনিয়ার উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। পাশাপাশি তিনি ‘ইমেন্স নভেলটি’-এর প্রতিষ্ঠাতা ও সিইও হিসেবে ব্যবসার নতুন নতুন ক্ষেত্র সম্প্রসারণে কাজ করে যাচ্ছেন।

আরিফুর রহমান মাহিন মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের আংকুরের নেসা উচ্চবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হাজী ওবায়দুল হক কোম্পানির নাতী, মাহবুবুল আলম কোম্পানির দ্বিতীয় ছেলে।