লালমনিরহাট-১ আসনে ভোট পুনঃগণনার আবেদন
Printed Edition
সাব্বির আহমেদ লালমনিরহাট
লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের ফলাফল নিয়ে ভোট পুনর্গণনার দাবি উঠেছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দল সমর্থিত প্রার্থী মো: আনোয়ারুল ইসলাম রাজু এ দাবি জানিয়ে আবেদন করেছেন।
শুক্রবার তিনি জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিতভাবে আবেদন দাখিল করেন। আবেদনে বলা হয়, ভোট গণনা ও ফলাফল প্রস্তুতের সময় কয়েকটি কেন্দ্রে অসামঞ্জস্য দেখা গেছে। বিশেষ করে হাতীবান্ধা ও পাটগ্রামের কয়েকটি ইউনিয়ন এবং পাটগ্রাম পৌরসভার আশপাশের কেন্দ্রগুলোতে গণনায় গরমিল থাকার অভিযোগ রয়েছে।
প্রার্থীর দাবি, ঘোষিত ফলাফলের সাথে সংশ্লিষ্ট গণনাপত্র ও প্রিজাইডিং কর্মকর্তার বিবরণীর মিল পাওয়া যাচ্ছে না। কোথাও কোথাও ব্যালটের সঠিক হিসাব ছাড়া ফল প্রকাশ করা হয়েছে বলে সন্দেহ প্রকাশ করা হয়েছে। ফল ঘোষণার আগে ও পরে সরবরাহ করা তথ্যের মধ্যেও পার্থক্য রয়েছে বলে উল্লেখ করা হয়। এ ছাড়া কিছু কেন্দ্রে বাতিল ভোটের সংখ্যা অস্বাভাবিকভাবে কম দেখানো হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে। কয়েকজন প্রিজাইডিং কর্মকর্তার ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। এমনকি ফলাফল শিটে স্বাক্ষর সম্পন্ন হওয়ার আগেই ফল প্রচারের অভিযোগও আবেদনে উল্লেখ আছে।
মো: আনোয়ারুল ইসলাম রাজুর ভাষ্য মতে, এসব ঘটনায় নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে সংশয় তৈরি হয়েছে। ভোটারদের আস্থা বজায় রাখতে সংশ্লিষ্ট আসনের ভোট পুনর্গণনা প্রয়োজন বলে তিনি দাবি করেন। আবেদনের সাথে ১১টি কেন্দ্রের গণনাশিটের ফটোকপিসহ প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করা হয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তাদের বক্তব্য জানতে যোগাযোগ করা হলে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।