গেজেটভুক্ত ৮৫৬ জুলাই শহীদের নামে গাছের চারা বিতরণ ছাত্রশিবিরের
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জুলাই অভ্যুত্থানের ৮৫৬ জন শহীদের নামে ৮৫৬টি গাছের চারা বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা মহানগর দক্ষিণ শাখা।
গতকাল রোববার বেলা সাড়ে ১১টায় রাজধানীর দনিয়া কলেজ প্রাঙ্গণে আয়োজিত বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম। অনুষ্ঠান শেষে কলেজের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি বৃক্ষের চারা বিতরণ করা হয়।
শিবির সভাপতি বলেন, নিজেদের অস্তিত্ব ও ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ রাখতে পরিবেশ রক্ষায় সবাইকে দায়িত্বশীল হতে হবে। কার্বন নিঃসরণ কমানো এবং বৃক্ষরোপণের মাধ্যমে অক্সিজেনের উৎপাদন বৃদ্ধি করা এখন সময়ের দাবি। একটি পূর্ণবয়স্ক বৃক্ষ প্রতিদিন প্রায় ২২০ লিটার অক্সিজেন সরবরাহ করে, যা মানুষের জীবন ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি বলেন, বাংলাদেশ বিশ্বের দূষিত দেশগুলোর অন্যতম। বিশেষ করে রাজধানী ঢাকায় বায়ুদূষণের কারণে শ্বাসকষ্ট, ফুসফুসের রোগ, ক্যান্সার, চোখ ও মস্তিষ্কের নানা জটিলতা বৃদ্ধি পাচ্ছে। এই সঙ্কট থেকে উত্তরণে প্রত্যেক মানুষকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে। বাড়ির আঙিনা, ছাদ, বারান্দা কিংবা যেখানেই সুযোগ রয়েছে, সেখানে উপকারী বৃক্ষ রোপণের আহ্বান জানান তিনি।
সভাপতির বক্তব্যে ছাত্রশিবির ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাফেজ দেলোয়ার হোসাইন বলেন, জুলাই অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ জাতির জন্য প্রেরণার উৎস। তাদের স্মৃতিকে ধারণ করেই ছাত্রশিবির একটি সবুজ, বাসযোগ্য ও মানবিক বাংলাদেশ গঠনে কাজ করে যাচ্ছে। তিনি শিক্ষার্থীদের অন্তত একটি করে বৃক্ষরোপণ, পরিচর্যা এবং পরিবেশ সংরক্ষণে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন- ছাত্রশিবির ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি হাফেজ আনোয়ার হোসাইন, অর্থ সম্পাদক ওমর ফারুক ফাহিম, অফিস সম্পাদক শফিকুল ইসলাম সাইফুলসহ মহানগর ও দনিয়া কলেজ শাখার নেতরা।