সিলেটে পাথর লুটকাণ্ডের মূল হোতা বিএনপি নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

Printed Edition

সিলেট ব্যুরো

সিলেটের বহুল আলোচিত সাদা পাথর লুটপাট কাণ্ডে জড়িত বিএনপি নেতা শাহাব উদ্দিনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি। গত বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি নিশ্চিত করা হয়।

পত্রে জানানো হয়েছে, সাহাব উদ্দিনের যাবতীয় স্থগিতাদেশ প্রত্যাহার করে তার প্রাথমিক সদস্য পদসহ বিএনপির যাবতীয় পদবি ফিরিয়ে দেয়া হয়েছে।

বিতর্কিত নানা কারণে আলোচিত-সমালোচিত কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শাহাব উদ্দিনের প্রাথমিক সদস্য পদসহ সব ধরনের পদ-পদবি স্থগিত ছিল। এ আদেশে তার সব পদ ফিরিয়ে দেয়া হয়েছে। গত বছরের ১৩ সেপ্টেম্বর সিলেট মহানগরীর আম্বরখানা এলাকা থেকে তাকে গ্রেফতারও করেছিল র‌্যাব-৯।