সিভাসুর ছাত্রকল্যাণ দফতরের কার্যক্রমের অগ্রগতি উপস্থাপন
Printed Edition
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করতে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) কর্তৃপক্ষ বহুমুখী উদ্যোগ গ্রহণ করেছে। গত সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলনকক্ষে ছাত্রকল্যাণ দফতরের কার্যক্রমের অগ্রগতি উপস্থাপন ও বুলেটিনের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভিসি প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান এ কথা বলেন।
ভিসি বলেন, বিশ্ববিদ্যালয়ের সুযোগ-সুবিধা কাজে লাগিয়ে শিক্ষার্থীরা একদিন সুনাগরিক হিসেবে গড়ে উঠবে। তিনি ছাত্রকল্যাণ দফতরের উদ্ভাবনী কার্যক্রমের প্রশংসা করেন এবং তা অব্যাহত রাখার আহ্বান জানান। পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ রাশেদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ট্রেজারার প্রফেসর ড. মো: নূরুল হক। শুরুতে পরিচালক (ছাত্রকল্যাণ) দফতরের সার্বিক কার্যক্রম, সাফল্য ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।
প্রেজেন্টেশনে শুভ ক্যান্টিনের আধুনিকায়ন, সিভাসু গার্ডেন প্রতিষ্ঠা, মানসিক স্বাস্থ্যবিষয়ক সেমিনার, বিভিন্ন হাসপাতালের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর, ফ্রি ডেন্টাল ক্যাম্প, হেপাটাইটিস-বি ভ্যাকসিনেশন ক্যাম্পেইন এবং বন্যায় মানবিক সহায়তার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরা হয়। এ ছাড়া জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে শিক্ষার্থীদের সাফল্য, সহপাঠক্রমিক কার্যক্রম, আধুনিক স্টেশনারি শপ স্থাপন এবং বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালার বিস্তারিত তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউট পরিচালক, প্রভোস্ট, বিভাগীয় প্রধান, প্রক্টরসহ শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শেষে উপাচার্য ছাত্রকল্যাণ দফতর কর্তৃক প্রকাশিত বুলেটিনের মোড়ক উন্মোচন করেন। বিজ্ঞপ্তি।