চট্টগ্রামে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের ‘সোশ্যাল অ্যাওয়ার্ড ২০২৬’ প্রদান
Printed Edition
মানবিক ও সামাজিক কাজে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের উদ্যোগে গত শনিবার নগরীর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়ে গেল ‘সোস্যাল অ্যাওয়ার্ড ২০২৬’। জমকালো এই আয়োজনের মাধ্যমে এ বছর জুরি বোর্ডের মনোনয়নে ১৩টি সংগঠন এবং ব্যক্তিগত পর্যায়ে চারজন বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট নিরাপত্তা বিশ্লেষক ও সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের কেন্দ্রীয় উপদেষ্টা মেজর জেনারেল (অব:) আবু নাছের মোহাম্মদ ইলিয়াস। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পুলিশ সুপার (এসপি) আবদুল্লাহ আল মাহমুদ। সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক জাফর ইকবালের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
প্রধান অতিথির বক্তব্যে মেজর জেনারেল (অব:) আবু নাছের মোহাম্মদ ইলিয়াস বলেন, ‘মানবাধিকার রক্ষা ও সামাজিক উন্নয়ন আমাদের প্রত্যেকের নাগরিক দায়িত্ব। যারা আজ পুরস্কৃত হয়েছেন, তারা সমাজের অন্ধকার দূর করার আলোকবর্তিকা। আপনাদের এই নিঃস্বার্থ কাজ আগামী প্রজন্মকে একটি সুন্দর ও মানবিক বাংলাদেশ গড়তে অনুপ্রাণিত করবে।’ প্রধান বক্তা পুলিশ সুপার আবদুল্লাহ আল মাহমুদ তার বক্তব্যে বলেন, ভালো কাজের মূল্যায়ন সবসময় থাকে। পুলিশ এবং সাধারণ মানুষ যখন কাঁধে কাঁধ মিলিয়ে সামাজিক অসঙ্গতির বিরুদ্ধে দাঁড়ায়, তখন সমাজ থেকে অন্যায় ও অপরাধ বিদায় নেয়।
বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সফিকুর রহমান স্বপন বলেন, রাজনীতি ও সমাজসেবা একে-অপরের পরিপূরক। আর্তমানবতার সেবায় এগিয়ে আসার মাধ্যমেই দেশে শান্তি ও সাম্য প্রতিষ্ঠা সম্ভব। এ ছাড়াও ব্যারিস্টার সওগাতুল আনোয়ার খান এবং ইকবাল হোসেন পরিবেশ রক্ষা ও আইনি সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে জুরি বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন- বরেণ্য শিক্ষাবিদ প্রফেসর হাসিনা জাকারিয়া বেলা, চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর মো: ইফতেখার মনির, সিনিয়র সাংবাদিক কামাল পারভেজ, অ্যাডভোকেট এনামুল হক এবং প্রাবন্ধিক নেছার আহমেদ খান। নাসরিন ইসলাম ও আবছার উদ্দিন অলির সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- অধ্যাপক ড. আমিরুল ইসলাম ডিন, লায়ন আব্দুল মান্নান এমজেএফ-সহ আমন্ত্রিত অতিথিরা। বক্তারা একটি সুস্থ ও সমৃদ্ধ সমাজ গঠনে পরিবেশবাদী ও সামাজিক সংগঠনগুলোর অনবদ্য ভূমিকার প্রশংসা করেন। বিজ্ঞপ্তি।