আক্ষেপ নিয়ে শফিউলের অবসর
Printed Edition
ক্রীড়া প্রতিবেদক
২০২০ সালের মার্চে মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে টি-২০ ম্যাচই ছিল পেসার শফিউল ইসলামের শেষ আন্তর্জাতিক ম্যাচ। এরপর প্রায় ছয় বছর কেটে গেলেও আর জাতীয় দলে ফেরা হয়নি তার। যদিও ঘরোয়া ক্রিকেটে নিয়মিতই খেলছিলেন। প্রতিযোগিতামূলক ক্রিকেটে সর্বশেষ গত বছরের মার্চে ঢাকা প্রিমিয়ার লিগে খেলেন ৩৬ বছর বয়সী এই পেসার। ইনজুরি ও বয়স-দুটোই ধীরে ধীরে তার ক্যারিয়ারে প্রভাব ফেলে। আক্ষেপে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন শফিউল। ফেসবুকে এক বিবৃতিতে এমনটাই জানিয়েছেন।
২০১০ আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখে বাংলাদেশের জার্সি গায়ে ১১টি টেস্টে ১৭ উইকেট, ৬০ ওয়ানডে ৭০টি ও ২০ টি-২০তে ২০ উইকেট নিয়েছেন শফিউল। ২০১১ সালের বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে সেই স্নায়ুক্ষয়ী মুহূর্তে ২৪ বলে অপরাজিত ২৪ রান করে মাহমুদুল্লাহ রিয়াদকে সঙ্গ দিয়ে ম্যাচ জেতান।
বিসিবি নির্দেশনা অনুযায়ী চলতি বিপিএলে খেলছেন না শফিউল। নিলামের চূড়ান্ত তালিকা থেকে আগেই বাদ পড়েছেন শফিউল, এনামুল হক বিজয় ও মোসাদ্দেক হোসেন সৈকতসহ মোট সাত ক্রিকেটার। ফলে কোনো ফ্র্যাঞ্চাইজি নিতে পারেনি এফ ক্যাটাগরিতে থাকা শফিউলকে।