গোপালগঞ্জের ৩ আসনে ৩৮ জনের মধ্যে মনোনয়ন বাতিল ১৩, স্থগিত ২
Printed Edition
গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জ জেলার তিনটি আসনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। যাচাই-বাছাই শেষে মোট ৩৮ প্রার্থীর মধ্যে ১৩ জনের মনোনয়ন বাতিল, দুইজনের স্থগিত এবং ২৫ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। গত শনিবার বিকেলে জেলা রিটার্নিং অফিসার মো: আরিফ উজ্জামান আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্ত ঘোষণা করেন। রিটার্নিং অফিস সূত্রে জানা যায়, ঋণখেলাপি হওয়া এবং এক শতাংশ সমর্থক ভোটারের স্বাক্ষর ও তথ্যে অসঙ্গতি থাকায় এসব মনোনয়ন বাতিল ও স্থগিত করা হয়।
গোপালগঞ্জ-১ আসনে (মুকসুদপুর ও কাশিয়ানীর একাংশ) মোট ১৩টি মনোনয়ন জমা পড়ে। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী নাজমুল আলম ও আশরাফুল আলম, এবি পার্টির মো: প্রিন্স আল আমিন, গণ অধিকার পরিষদের (জিওপি) মো: কাবির মিয়া এবং জাতীয় পার্টির প্রার্থী সুলতান জামান খানের মনোনয়ন বাতিল হয়।
গোপালগঞ্জ-২ আসনে (সদর ও কাশিয়ানী একাংশ) ১৩টি মনোনয়ন জমা পড়ে। যাচাই-বাছাই শেষে স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান ভূঁইয়া লুটুল, রনী মোল্যা, সিপন ভূঁইয়া, মশিউর রহমান, মো: সিরাজুল ইসলাম সিরাজ ও উৎপল বিশ্বাসের মনোনয়ন বাতিল ঘোষিত হয়।
গোপালগঞ্জ-৩ আসনে (টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া) মোট ১২টি মনোনয়ন জমা পড়ে। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী গোবিন্দ চন্দ্র প্রামাণিক ও রওশন আরার মনোনয়ন বাতিল হয়ে যায়। এ ছাড়া বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী আব্দুল আজিজ এবং স্বতন্ত্র প্রার্থী দুলাল চন্দ্র বিশ্বাসের মনোনয়ন স্থগিত হয়।
বাতিল ও স্থগিত হওয়া প্রার্থীরা আগামী ১১ জানুয়ারির মধ্যে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন। তফসিল অনুযায়ী, ২০ জানুয়ারি মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ এবং ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেয়া হবে। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।