ওসমান হাদি হত্যা
মোটরসাইকেল চালকের সহযোগী গ্রেফতার অস্ত্র উদ্ধার
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে হিমন রহমান শিকদার (৩২) নামে এক যুবলীগ কর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তিনি হাদি হত্যার অন্যতম সন্দেহভাজন ও পলাতক মোটরসাইকেল চালক আলমগীরের সহযোগী বলে জানা গেছে। গতকাল বুধবার রাজধানীর আদাবর এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে তার সহযোগী মেহেদির বাড়ি থেকে একটি বিদেশী পিস্তল, তিন রাউন্ড তাজা গুলি, আতশবাজি, পটকা, বারুদ ও ককটেল তৈরির বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত হিমন রহমান শিকদার ও তার সহযোগী নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়। জড়িত অন্যদের বিরুদ্ধে গ্রেফতার অভিযান চলমান রয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতার হিমন আদাবর থানা যুবলীগের কর্মী হিসেবে পরিচিত। হাদি হত্যাকাণ্ডে জড়িত প্রধান অভিযুক্ত ফয়সাল এবং মোটরসাইকেল চালক আলমগীরের সাথে হিমনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। প্রায় দুই মাস আগে তিনি দুবাই থেকে বাংলাদেশে ফেরেন। হাদি হত্যার ঘটনায় তার সরাসরি সম্পৃক্ততা ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
প্রথম আলো ও ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেফতার ৪ : রাজধানীর কাওরানবাজারে দৈনিক প্রথম আলো এবং দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলা, লুটতরাজ ও অগ্নিসংযোগের ঘটনায় মঙ্গলবার রমনা থানাধীন বেইলি রোড এলাকা থেকে মো: জাকির হোসেন শান্তকে ও বুধবার গাজীপুরের টঙ্গী থানার আব্দুল্লাহপুর মোড় এলাকা থেকে মো: স্বপন মণ্ডলকে ও ভোলা জেলার বোরহানউদ্দিন থানা এলাকা থেকে নিয়াজ মাহমুদ ফারহানকে গ্রেফতার করেছে ডিএমপি পুলিশ। পরে তাদেরকে আদালতে পাঠানো হয়। এই হামলার ঘটনায় মোট ৩১ জনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানায় ডিএমপি। এ ছাড়াও ডেইলি স্টার ভবনে সন্ত্রাসী হামলা চালানোর ঘটনায় আজমির হোসেন আকাশ (২৭) নামে একজনকে রাজধানীর তেজগাঁও এলাকা থেকে গ্রেফতার করে র্যা ব-৩।