বছরের প্রথম দিনেই শুটিংয়ে তন্ময় সোহেল
Printed Edition
বিনোদন প্রতিবেদক
শুরু হলো নতুন ইংরেজি বছর ২০২৬। আর বছরের প্রথম দিনেই শুটিংয়ে অংশ নিয়েছেন বাংলাদেশের নাট্যাঙ্গনে এই প্রজন্মের জনপ্রিয় অভিনেতা তন্ময় সোহেল। ২০২৪ সাল থেকে তন্ময়ের অভিনয় জীবনের উত্থানের বছর ছিল ২০২৫। ২০২৫ সালে তার অভিনীত বেশ কয়েকটি নাটক ছিল বছরজুড়ে আলোচনায়। বিশেষত আদিবাসী মিজানের ‘কালো জাদু-১’ ও ‘কালো জাদু-২’ এবং মুহিন খানের ‘পোয়াতি বউ’, ফজলুল সেলিমের ‘শিক্ষিত বউ’ ছিল বেশ আলোচনায়। তন্ময় সোহেলের ইচ্ছে যেন ২০২৬ সালে এসেও তার কাজের এই ধারাবাহিকতটা বজায় থাকে। যে কারণে বছরের প্রথম দিনেও তিনি তার নিজের মতো করে সময় না কাটিয়ে তিনি শুটিংয়ে অংশ নিয়েছেন। গতকাল বছরের প্রথম দিনে তিনি বর্ণনাথের পরিচালনায় ও এনডি আকাশের রচনায় ‘শ্বশুরবাড়ি বড় আপন’ নাটকের কাজ শেষ করেছেন। এতে তার বিপরীতে আছেন তাবাসসুম নিঝুম। আর আজ তিনি এ বাবুলের নির্দেশনায় ‘মূর্খ স্বামী’ নাটকের কাজ করবেন। এ ছাড়াও আগামী ২০ জানুয়ারি পর্যন্ত তিনি সকাল আহমেদ, মুহিন খান, তাইফুর জাহান আশিক, আদিত্য জনি, সরাজ দেব ও ফজলুল সেলিমের নির্দেশনায় বিভিন্ন নাটকে শুটিং করবেন। এসব নাটকে তার বিপরীতে অভিনয় করবেন মিম চৌধুরী ও মিহি। তন্ময় সোহেল বলেন, ‘আল্লাহর প্রতি অসীম কৃতজ্ঞতা যে, আমি আজকের এই অবস্থানে আসতে পেরেছি। ২০২৫ সালটা আমার অভিনয় জীবনের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি বছর ছিল। আমি অনেক ভালো ভালো গল্পে অভিনয় করার সুযোগ পেয়েছি। অনেক গুণী নির্মাতার নাটকে কাজ করার সুযোগ পেয়েছি। সব মিলিয়ে বেশ কিছু নাটকে অভিনয়ের জন্যও অভূতপূর্ব সাড়া পেয়েছি।
আমার বিশ্বাস ২০২৬ সালটা আমার আরো ভালো যাবে। কারণ এরই মধ্যে বেশ কয়েকজন গুণী নির্মাতার নির্দেশনায় কাজের জন্য সিডিউল দেয়া হয়েছে। কাজগুলো আশা করছি ভালোভাবে শেষ হবে। প্রচারে এলে দারুণ সাড়া মিলবে বলেই আমার বিশ^াস।’