মতবিনিময়ে ড. তিতুমীর
উত্তরাঞ্চলের উন্নয়নে কৃষিভিত্তিক শিল্পায়নে জোর দিতে হবে
Printed Edition
রাজশাহী ব্যুরো
রাজশাহী অঞ্চলের বিপুল সম্ভাবনাকে কাজে লাগাতে শিল্পায়নের পাশাপাশি কৃষিভিত্তিক উন্নয়নে জোর দেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি বলেন, কৃষি উৎপাদনকে কেন্দ্র করে শিল্প গড়ে তুলতে পারলে রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জের অর্থনীতিতে নতুন গতি সঞ্চার হবে।
গতকাল শুক্রবার দুপুরে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় ব্যবসায়ী, কৃষি উদ্যোক্তা ও জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন তিনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আসাদ।
ড. তিতুমীর বলেন, রাজশাহী অঞ্চলে কৃষির বিপুল সম্ভাবনা রয়েছে এবং স্থানীয় চাহিদা পূরণ করে উদ্বৃত্ত উৎপাদনও সম্ভব হচ্ছে। এই উৎপাদনকে ঘিরে শিল্প স্থাপন করা গেলে অঞ্চলটি দ্রুত এগিয়ে যাবে। সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়ন নিশ্চিত করতে সরকার কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।
সভায় বক্তারা উত্তরাঞ্চলের শিল্পোন্নয়নের প্রধান বাধা হিসেবে গ্যাস-সঙ্কটের বিষয়টি তুলে ধরেন। তাদের মতে, গ্যাসের অভাবে সম্ভাবনাময় শিল্প খাত স্থবির হয়ে আছে, নতুন বিনিয়োগ আসছে না এবং প্রস্তুত প্রকল্প চালু করা যাচ্ছে না। এতে কর্মসংস্থান সৃষ্টি ও আঞ্চলিক অর্থনীতির বিকাশ ব্যাহত হচ্ছে।
রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, বিসিক-২ প্রকল্প প্রস্তুত থাকলেও গ্যাস সংযোগ না থাকায় তা চালু করা যাচ্ছে না। দ্রুত গ্যাস সংযোগ নিশ্চিত করা গেলে শিল্পায়নের গতি বাড়বে।
রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, অঞ্চলের উন্নয়নে শিল্প ও কৃষি- উভয় খাতকে সমান গুরুত্ব দিয়ে এগিয়ে নিতে হবে। কৃষিভিত্তিক শিল্প স্থাপনের ব্যাপক সুযোগ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, গ্যাস, অবকাঠামো ও প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করা গেলে টেকসই অর্থনৈতিক অগ্রগতি সম্ভব।
নাটোর জেলা পরিষদের প্রশাসক রহিম নেওয়াজ বলেন, শহরের পাশ দিয়ে গ্যাস লাইন থাকলেও বিসিক এলাকায় সংযোগ না থাকায় বড় শিল্পপ্রতিষ্ঠান গড়ে উঠছে না। নাটোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মতিউর হমান জানান, গ্যাস সরবরাহ নিশ্চিত হলে জেলার চামড়াশিল্প স্বনির্ভর হয়ে উঠতে পারে।
চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ বলেন, গ্যাস-সঙ্কটের কারণে জেলায় বড় শিল্পপ্রতিষ্ঠান গড়ে ওঠেনি। পাশাপাশি পর্যাপ্ত হিমাগার না থাকায় প্রতি বছর বিপুল পরিমাণ আম নষ্ট হচ্ছে, যা স্থানীয় অর্থনীতিতে বড় ক্ষতি করছে।
বিশেষ অতিথির বক্তব্যে রেহান আসিফ আসাদ বলেন, প্রত্যেক অঞ্চলের নিজস্ব বৈশিষ্ট্য কাজে লাগিয়েই সুষম উন্নয়ন সম্ভব। উত্তরাঞ্চলের উন্নয়নে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে এবং পিছিয়ে পড়া অঞ্চলকে মূলধারায় আনতে কাজ চলছে।
রাজশাহী জেলা প্রশাসন আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদ। সভায় বিভিন্ন জেলার প্রশাসক, আইনশৃঙ্খলাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, ব্যবসায়ী ও কৃষি উদ্যোক্তারা বক্তব্য দেন। এর আগে সকালে দুই উপদেষ্টা রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তারা পদ্মা নদীর তীররক্ষা, কৃষি কার্যক্রম এবং সৌরবিদ্যুৎচালিত সেচব্যবস্থাও ঘুরে দেখেন।