চসিকে বিভিন্ন ক্যাটাগরির ৪৫৯ কর্মচারীকে স্থায়ীকরণ
Printed Edition
চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রাম সিটি করপোরেশনে (চসিক) অস্থায়ীভাবে কর্মরত বিভিন্ন ক্যাটাগরির ১৯টি পদের মোট ৪৫৯ জন কর্মচারীকে গতকাল স্থায়ী করা হয়েছে। এর মাধ্যমে মেয়র ডা: শাহাদাত হোসেন দায়িত্ব নেয়ার পর থেকে এ পর্যন্ত মোট এক হাজার ৪৫০ জন অস্থায়ী কর্মচারীকে স্থায়ী করা হলো।
সোমবার টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে অস্থায়ী কর্মচারীদের সাথে মতবিনিময়কালে তিনি এ তথ্য জানান।
মেয়র বলেন, চসিকের উন্নয়ন কার্যক্রম গতিশীল রাখতে দক্ষ ও অভিজ্ঞ জনবল অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘ দিন অস্থায়ীভাবে দায়িত্ব পালনকারী কর্মচারীরা নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সাথে কাজ করে প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে ভূমিকা রেখেছেন। তাদের ন্যায্য অধিকার ও চাকরির নিরাপত্তা নিশ্চিত করা হবে।
তিনি বলেন, অস্থায়ী কর্মচারীদের পর্যায়ক্রমে স্থায়ী করার প্রক্রিয়া চলমান থাকবে। প্রশাসনিক কাঠামো, আর্থিক সক্ষমতা ও বিধি-বিধান পর্যালোচনা করে ধাপে ধাপে যোগ্য কর্মচারীদের স্থায়ীকরণ করা হবে। এতে কর্মপরিবেশ আরো স্থিতিশীল হবে এবং সেবার মান বাড়বে।
উল্লেখ্য, স্থায়ী করা ৪৫৯ জন কর্মচারী বিভিন্ন কারিগরি, প্রশাসনিক ও সহায়ক পদে কর্মরত ছিলেন। এর মধ্যে বিদ্যুৎ, যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ, অফিস সহায়তা, পরিচ্ছন্নতা ও অন্যান্য গুরুত্বপূর্ণ সেবা সংশ্লিষ্ট পদ অন্তর্ভুক্ত রয়েছে। মোট ১৯টি পদের বিপরীতে ৪৫৯ জনকে স্থায়ী করা হয়েছে।
এ সময় চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো: আশরাফুল আমিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।