চুক্তি থেকে নাম প্রত্যাহার মাহমুদুল্লাহর
Printed Edition
শুধু বাংলাদেশ নয়, চ্যাম্পিয়ন্স ট্রফিতেই সবচেয়ে অভিজ্ঞ দুইজন খেলোয়াড়দের মধ্যে মুশফিকুর রহীম ও মাহমুদুল্লাহ ছিলেন অন্যতম। এরমধ্যে মুশফিক ওয়ানডে থেকে অবসর নিয়েছেন। তখন থেকে আরো বেশি আলোচনায় মাহমুদুল্লাহ। তবে অবসরের ঘোষণা না দিলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কেন্দ্রীয় চুক্তি থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন তিনি।
বিসিবির সূত্র জানিয়েছে, ৩৯ বছর বয়সী মাহমুদুল্লাহ নিজেই বোর্ডকে অনুরোধ করেছেন যেন তাকে নতুন কেন্দ্রীয় চুক্তির তালিকায় রাখা না হয়। বিসিবির সর্বশেষ বোর্ড সভায় ২২ জনের একটি প্রস্তাবিত কেন্দ্রীয় চুক্তির তালিকা উপস্থাপন করা হয়। সেই তালিকায় মাহমুদউল্লাহকে ‘বি’ ক্যাটাগরিতে রাখা হয়েছিল। তবে মাহমুদুল্লাহ বিসিবিকে অনুরোধ করেছেন যেন ফেব্রুয়ারির পর থেকে কেন্দ্রীয় চুক্তিতে তার নাম বিবেচনা না করা হয়। সেক্ষেত্রে মার্চ থেকে তিনি কেন্দ্রীয় চুক্তির অংশ থাকছেন না।
অন্যদিকে, মুশফিকও কেন্দ্রীয় চুক্তির প্রস্তাবিত তালিকায় ছিলেন, কারণ তিনি ওয়ানডে ও টেস্ট ক্রিকেটে সক্রিয় ছিলেন। তবে ওয়ানডে থেকে অবসর নেয়ার ফলে তার ক্যাটাগরিতেও পরিবর্তন এসেছে।
গতকাল চুক্তি ঘোষনা করেছে বিসিবি। এ প্লাস ক্যাটাগরিতে একমাত্র ক্রিকেটার তাসকিন আহমেদ। তার বেতন ১০ লাখ টাকা। এরপর এ ক্যাটাগরিতে ৮ লাখ টাকায় আছেন শান্ত, মিরাজ, লিটন, মুশফিক। বি ক্যাটাগরিতে ৬ লাখ টাকা পাবেন মুমিনুল, তাইজুল, মাহমুদুল্লাহ, মোস্তাফিজ, তৌহিদ, হাসান মাহমুদ ও নাহিদ রানা। সি ক্যাটাগরির ভেলু ৪ লাখ টাকা করে পাবেন সাদমান, সৌম্য, জাকির, তানজিদ, শরিফুল, রিশাদ, তানজিম, শেখ মাহেদী। ডি ক্যাটাগরিতে দুই লাখ পাবেন নাসুম ও খালেদ আহমেদ।