চাঁদপুরে মেঘনার ঘূর্ণি স্রোতে সিমেন্টবোঝাই ট্রলার ডুবি

Printed Edition

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরে মেঘনা নদীর মোহনায় ঘূর্ণি স্রোতের কবলে পড়ে চার হাজার ৪০০ বস্তা সিমেন্টবোঝাই ‘এইচ এম পরিবহন’ নামের একটি ট্রলার ডুবে গেছে। দুর্ঘটনার সময় ট্রলারে থাকা সুকানিসহ চারজন পানিতে পড়ে গেলেও আশপাশের নৌযান ও মাঝিদের সহায়তায় তাদের উদ্ধার করা হয়। পরে তাদের চাঁদপুর সরকারি হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

গকাল সোমবার বেলা ১২টার দিকে চাঁদপুর বড় স্টেশন মোলহেডসংলগ্ন মেঘনা নদীর মোহনায় নদীবন্দরের প্রবেশমুখে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ থেকে চার হাজার ৪০০ বস্তা শাহ সিমেন্ট নিয়ে ট্রলারটি সকালে চাঁদপুরের উদ্দেশে রওনা হয়। দুপুরের দিকে চাঁদপুর নদীবন্দরে প্রবেশের সময় বড় স্টেশন মোলহেডের কাছে মেঘনার ঘূর্ণি স্রোতে পড়ে ট্রলারটি নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়। এ সময় সুকানি আইয়ুব আলীসহ চারজন পানিতে পড়ে যান। পরে আশপাশের ট্রলার ও নৌকার মাঝিরা তাদের উদ্ধার করেন।

চাঁদপুর জেলা সিমেন্টবাহী ট্রলার ও বাল্কহেড মালিক সমিতির সভাপতি আকবর হোসেন মাতব্বর ও সাধারণ সম্পাদক মাজারুল ইসলাম দাদন বলেন, ট্রলারটি ডুবে যাওয়ায় মালিকের বড় ধরনের ক্ষতি হয়েছে। তারা ডুবে যাওয়া ট্রলার ও সিমেন্ট উদ্ধারে সরকারি সহযোগিতা কামনা করেন।

ট্রলারের মালিক হানিফ বেপারী বলেন, প্রবাসে উপার্জিত অর্থ দিয়ে ট্রলারটি কিনে সিমেন্ট পরিবহনের ব্যবসা শুরু করেছিলেন। দুর্ঘটনায় প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

চাঁদপুর নৌপুলিশের এক কর্মকর্তা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি দেখা হয়েছে। তবে নদীর গভীর তলদেশে ডুবে যাওয়া ট্রলার ও সিমেন্ট এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।