ভারতে পাচারকৃত ৯ বাংলাদেশীকে বিজিবির কাছে হস্তান্তর

Printed Edition

গোয়াইনঘাট (সিলেট) সংবাদদাতা

সিলেটে সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগে শিশুসহ ৯ বাংলাদেশী নাগরিককে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গত রোববার দুপুরে হস্তান্তর প্রক্রিয়া শেষে বিকেলে তাদের গোয়াইনঘাট থানায় সোপর্দ করে বিজিবি।

আটককৃতরা হলেন- বাগেরহাট জেলার কালিকাবাড়ি গ্রামের রফিক গাজীর ছেলে হাসান গাজী তার স্ত্রী আয়শা খাতুন, ছোট বাদুরা গ্রামের শুকুর আলী, বেলাল হোসেনের স্ত্রী হাসিনা আক্তার, কিশোরগঞ্জ জেলার ভেইয়ার কোন গ্রামের আল ইসলামের মেয়ে রোজিনা আক্তার, মুন্সীগঞ্জ জেলার ভাগ্যকুল গ্রামের সানা রাজবংশী মেয়ে পারুল রাজবংশী, সিলেট জেলার জৈন্তাপুর থানার ডিবির হাওর গ্রামের রহিম মিয়ার ছেলে নাহিদ আহমেদ নায়িম, আরব আলীর ছেলে হেলাল আহমেদ এবং ১৫ মাস বয়সী শিশু আবীর গাজী।

জানা গেছে, গত ৪ এপ্রিল রাত ২টায় ভারতের ৪ ব্যাটালিয়ন বিএসএফ মুক্তারপুর ক্যাম্পের টহলদল ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে তাদের আটক করে। গোয়াইনঘাট থানার ইন্সপেক্টর (তদন্ত) কবীর হোসেন বলেন, রোববার বিকেলে বিজিবি তাদের থানায় সোপর্দ করে। তাদের বিরুদ্ধে মামলা রুজু করে গতকাল সোমবার আদালতে পাঠানো হয়েছে।