ক্রিকেটে প্রথম শিরোপা ব্রাজিলের

Printed Edition
khela-2
চ্যাম্পিয়ন ব্রাজিল ক্রিকেট দল : ইন্টারনেট

ক্রীড়া ডেস্ক

দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়ন ব্রাজিল। না ফুটবলে নয়, টি-২০ ক্রিকেটে। দক্ষিণ আমেরিকান ক্রিকেট চ্যাম্পিয়নশিপে গত পরশু রুদ্ধশ্বাস লড়াইয়ে পানামাকে ৩ রানে হারিয়ে ৩১ বছরের অপেক্ষা অবসান ঘটিয়ে শিরোপা জয় ব্রাজিলের।

পানামাকে হারানোর পর সামাজিক মাধ্যমে ক্রিকেট ব্রাজিল জানায়, ‘একটি ইতিহাস! দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়ন ব্রাজিল!’ দক্ষিণ আমেরিকান ক্রিকেট চ্যাম্পিয়নশিপে প্রথমবার শিরোপা জিতে ব্রাজিলের উচ্ছ্বসিত ঘোষণা, ‘আমরা চ্যাম্পিয়ন, আমরাই ব্রাজিল!’

কলম্বিয়ায় গত পরশু টস হেরে ব্যাটিংয়ে নামা ব্রাজিলিয়ানরা ২০ ওভারে তোলে ১২৮ রান। জয়ের জন্য শেষ ওভারে পানামার প্রয়োজন পড়ে ১৪ রানে। ব্রাজিলের অধিনায়ক মিশেল আসুনসাও শেষ ওভারে বল হাতে নিয়ে প্রথম তিন বলে দেন দুই রান। পরের বলে ছক্কা মেরে দেন পানামার সুফিয়ান তারাজিয়া। পরের বলটি ওয়াইড হলে দৌড়েও আসে একটি বাই রান। ফলে ম্যাচ জিততে পানামাকে শেষ দুই বলে করতে হতো চার রান। কিন্তু পঞ্চম বলটিতে আউট হয়ে যান ২৭ রান করা ইরফান হাফেজি। শেষ বলে হয়নি কোনো রান। ব্যাট হাতে ৩০ রান করার পাশাপাশি বল হাতে দুই উইকেট নিয়ে ম্যাচসেরা হন আসুনসাও।

১৯৯৫ সাল থেকে চলে আসা এই টুর্নামেন্টের ২১তম আসর এটি। ব্রাজিল অংশ নিয়েছে ২০ বারই। ২০২২ ও ২০২৪ সালে রানার্স আপ হয়েছিল তারা। অবশেষে এবার ক্রিকেটে সেরা সাফল্যের স্বাদ পেল ফুটবলের দেশটি। ক্রিকেট ব্রাজিলের সামাজিক মাধ্যমের পাতায় ছিল সেই সাফল্যের উচ্ছ্বসিত প্রতিক্রিয়া।

‘ইতিহাসে প্রথমবারের মতো ব্রাজিলের পুরুষ ক্রিকেট দল দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়ন হয়েছে। এই শিরোপাটি ব্রাজিলিয়ান ক্রিকেটের জন্য এক নতুন অধ্যায়ের সূচনা করল। নিবেদন, ঐক্য, কঠোর পরিশ্রম ও দেশকে প্রতিনিধিত্ব করার তাড়নাময় দিনগুলোর পথ ধরে এই সাফল্য ধরা দিয়েছে।’

‘ব্রাজিলের পুরুষ ক্রিকেট দল প্রথমবারের মতো দক্ষিণ আমেরিকার শীর্ষে পৌঁছেছে! প্রত্যেক খেলোয়াড়, কোচিং স্টাফ এবং ব্রাজিলে ক্রিকেটের উন্নতির জন্য প্রতিদিন যারা কাজ করেন, তাদের সবাইকে অভিনন্দন। আমরাই চ্যাম্পিয়ন! আমরাই ব্রাজিল!’