জালেমের বিরুদ্ধে ও মজলুমের পক্ষে থাকা বিবেকবানদের দায়িত্ব : আবদুল হাই নদভী

Printed Edition

বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশ, খুলনা শাখার উদ্যোগে নগরীর রূপসা বায়তুশ শরফ মসজিদ কমপ্লেক্সে রোববার এক ইসালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের প্রধান শায়খ মুহাম্মদ আবদুল হাই নদভী (মা.জি.আ.) বলেন, মুসলিম বিশ্ব বর্তমানে চরম ক্রান্তিকাল পার করছে। ক্রুসেডের ধ্বজাধারী পশ্চিমা সাম্রাজ্যবাদের নিষ্পেষণ ও নির্বিচারে বোমা হামলায় ধ্বংস হচ্ছে একের পর এক মুসলিম জনপদ।

তিনি বলেন, সম্পূর্ণ অন্যায়-অযৌক্তিকভাবে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে নির্বিচারে বোমা হামলায় হাজার হাজার নিরপরাধ নারী-পুরুষ, বৃদ্ধ ও মাছুম শিশুর আহাজারিতে যখন দেশটির আকাশ বাতাস ভারী, তখন জালেমের বিরুদ্ধে অবস্থান নেয়া এবং মজলুমের পক্ষে থাকা যেকোনো বিবেকবান মানুষের দায়িত্ব। তা না করে যদি শিয়া-সুন্নি দ্বন্দ্ব নিয়ে ব্যস্ত হয়ে পড়েন তাহলে প্রশ্ন ওঠে আপনি কি জালেমের পক্ষে, নাকি মজলুমের পক্ষে?

তিনি আরো বলেন, ইসলামী সম্মেলন সংস্থার (ওআইসি) সদস্যভুক্ত একটি দেশের ওপর ইহুদি-নাসারাদের চরম জুলুম চলাকালে যারা শিয়া-সুন্নি বলে মুসলিমদের আরো ভাগ করছেন, তারা মূলত মুসলমানদের শত্রুদেরই উপকার করছেন এবং তারা ইসলাম তো নয়-ই, জালেম-মজলুমের সংজ্ঞাই বুঝেনি।

মসজিদের খতিব হাফেজ মাওলানা নুর হোসাইনের সভাপতিত্বে ও মাওলানা কাজী শিহাব উদ্দিনের সঞ্চালনায় মাহফিলে বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট বায়তুশ শরফ আদর্শ আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আসলাম, রাঙ্গামাটি গাথাছড়া কমপ্লেক্সের পরিচালক হাফেজ মাওলানা এসএম ফোরকান, খাগড়াছড়ি কমপ্লেক্সের পরিচালক মাওলানা আবু ওসমান, রাঙ্গামাটি কমপ্লেক্সের পরিচালক মাওলানা সাইয়েদুল হক, ঢাকা বায়তুশ শরফ মসজিদের পেশ ইমাম মাওলানা নোমান মোহাম্মদ শফিউল্লাহ মাদানী। মাহফিলের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন রুপসা বায়তুশ শরফ কমপ্লেক্সের সেক্রেটারি মোহাম্মদ সেলিম হাওলাদার। বিজ্ঞপ্তি।