নারায়ণগঞ্জে শুভ্র হত্যামামলায় ৭ আসামির যাবজ্জীবন
Printed Edition
নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের ফতুল্লায় সাখাওয়াত হোসেন শুভ্র (৩২) হত্যা মামলায় সাত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরো দুই বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। রোববার দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ এ রায় দেন।
যাবজ্জীবনপ্রাপ্তরা হলেন- বাবুল সাহা জীবন (৩৩), নাজমুল ইসলাম (২৮), সঞ্জয় দাস ও মনা (৩০), মিলন (৩২), বশির (৩১), সমীর (৩০) ও কাওছার (৩৪)। রায় ঘোষণার সময় পাঁচ আসামি আদালতে উপস্থিত ছিলেন। আসামি বাবুল সাহা জীবন ও কাওছার পলাতক ছিলেন।
আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ১৫ আগস্ট বিকেল আনুমানিক ৪টার দিকে আসামিরা ফতুল্লা থানার মাসদাইর এলাকার আদর্শ স্কুলের উত্তর পাশে মায়ের আঁচল নামের নির্মাণাধীন ১২ তলা ভবনের সপ্তম তলায় শুভ্রকে ডেকে নিয়ে যায়। পরে শুভ্রকে ধারালো অস্ত্র দিয়ে মাথার পেছনে ও থুতনির নিচে আঘাত করার পর শ্বাসরোধ করে হত্যা করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়।
ঘটনার পর শুভ্রর বাবা মো: শাহাদাত হোসেন শিকদার (৫৪) বাদি হয়ে ফতুল্লা থানায় সাতজনকে আসামি করে মামলা করেন। মামলার তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পাওয়ার কথা উল্লেখ করে ফতুল্লা থানার তদন্ত কর্মকর্তা ২০২০ সালের ২৪ মার্চ অভিযোগপত্র দায়ের করেন।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশ পরিদর্শক মো: আব্দুস সামাদ বলেন, শুভ্র হত্যা মামলায় আদালত সাত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। রায় ঘোষণার সময় পাঁচ আসামি আদালতে উপস্থিত ছিলেন এবং দুই আসামি পলাতক ছিলেন।