ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত
Printed Edition
ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা
ময়মনসিংহের ভালুকায় একটি পোশাক কারখানায় নিরাপত্তা দায়িত্বে থাকা আনসারের শটগানের গুলিতে বজেন্দ্র বিশ্বাস (৪২) নামে আরেক আনসার সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত আনসার সদস্য নোমান মিয়াকে (২৮) গ্রেফতার করেছে ভালুকা মডেল পুলিশ। সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভালুকা সদর ইউনিয়নের মেহেরাবাড়ি গ্রামে অবস্থিত সুলতানা সুয়েটারে এ ঘটনা ঘটেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় উপজেলার মেহরাবাড়ি এলাকায় অবস্থিত লাবিব গ্রুপের মালিকানাধীন সুলতানা সুয়েটার্সের ভেতরে আনসার সদস্য নোমান মিয়া ও বজেন্দ্র বিশ্বাস একসাথে বসে খোশগল্প করছিলেন। এ সময় অসাবধানতাবসত নোমান মিয়ার হাতে থাকা শটগান থেকে গুলি বের হয়ে বজেন্দ্র বিশ্বাসের বাম উরুতে গুলি লাগে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ভালুকা মডেল থানার পুলিশ নিহতের লাশ উদ্ধার এবং অভিযুক্ত নোমান মিয়াকে গ্রেফতার করে। এ ঘটনায় নিহতের ছোট ভাই সুজন বিশ^াস বাদি হয়ে ভালুকা মডেল থানায় হত্যা মামলা করেছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, দায়িত্ব পালনের সময় আনসার সদস্য নোমান মিয়ার শটগান থেকে গুলি বের হয়ে তারই সহকর্মী বজেন্দ্র বিশ্বাসের উরুতে লাগলে তিনি গুরুতর আহত হন, পরে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই অভিযুক্ত নোমান মিয়াকে গ্রেফতার করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।