চট্টগ্রামের মিরসরাইয়ে দ্বিতীয় বিয়ে করাকে কেন্দ্র করে ঘুমন্ত স্বামী মো: রাসেলের পুরুষাঙ্গ কেটে দেয়ার অভিযোগ উঠেছে তার প্রথম স্ত্রী মনি বেগমের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোর ৬টার দিকে উপজেলার বারইয়ারহাট পৌরসভার উত্তর সোনাপাহাড় এলাকায় এই ঘটনা ঘটে।

গুরুতর আহত স্বামী রাসেল পেশায় পিকআপ-চালক। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

এই ঘটনায় অভিযুক্ত স্ত্রী মনি বেগমকে গ্রেফতার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।

রাসেল নোয়াখালী জেলার সুধারাম থানার মুন্সিতালুক গ্রামের মো: ফারুকের ছেলে। বর্তমানে তিনি পরিবার নিয়ে মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভার উত্তর সোনাপাহাড় গ্রামে নুর উদ্দিনের ঘরে ভাড়া থাকেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দ্বিতীয় বিয়ে করায় স্বামী রাসেল ও স্ত্রী মনি বেগমের মধ্যে বিরোধ চলছিল। বুধবার রাতে তারা একইসাথে ঘুমিয়ে ছিলেন। ভোরের দিকে রাসেল ঘুমন্ত অবস্থায় থাকাকালে তার হাত-পা বেঁধে ব্লেড দিয়ে পুরুষাঙ্গের গোঁড়ায় এবং বাম পায়ের টাখনুর নিচের রগ দা দিয়ে কেটে হত্যার চেষ্টা করেন স্ত্রী মনি বেগম। এতে তিনি গুরুতর রক্তাক্ত হন। এসময় তার চিৎকার শুনে স্বজনরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ফাহিম জামাল বলেন, ‘বৃহস্পতিবার সকাল ৯টার দিকে পুরুষাঙ্গ ও পায়ের রগ কাটা অবস্থায় রাসেল নামে এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। এ সময় তার প্রচুর রক্তপাত হচ্ছিল। তাকে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, বিষয়টিটি জেনেছি। এই ঘটনায় ব্যবহৃত দা উদ্ধার করা হয়েছে এবং শ্বাশুড়ি মনোয়ারা বেগমের করা মামলায় অভিযুক্ত স্ত্রী মনি বেগমকে গ্রেফতার করা হয়েছে। আসামির বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক আদালতে প্রেরণ প্রক্রিয়াধীন।