কুমিল্লায় ট্রাক খাদে পড়ে ৭ জন নিহতের ঘটনায় মামলা

Printed Edition

কুমিল্লা ও দাউদকান্দি সংবাদদাতা

কুমিল্লার দাউদকান্দিতে দিনাজপুর থেকে চট্টগ্রামগামী চাল বোঝাই একটি ট্রাক পৌঁছানোর পর চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় ট্রাকটি মহাসড়কের পাশে খাদে পড়ে উল্টে যায়। এতে ট্রাকের ওপর অবস্থানরত ১৩ যাত্রী ট্রাকের নিচে চাপা পড়েন। দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৭ জন নিহত হন। আহত হন ৬ জন। নিহতের ঘটনায় দাউদকান্দি মডেল থানায় মামলা করেছেন দুর্ঘটনায় নিহত সুমনের ভাই সামিউল ইসলাম। বুধবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম ।

সোমবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার হাসানপুর এলাকায় তাসফিন পাম্পের উল্টো পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার জানান, নিহতের স্বজন অজ্ঞাত গাড়ি চালককে আসামি করে মামলা দায়ের করেছেন। লাশ পৌঁছানোর দায়িত্ব নেয় জামায়াত : কুমিল্লার ট্রাক খাদে পড়ে নিহত ৭ জনের লাশ অ্যাম্বুলেন্স ও লাশবাহী গাড়িতে করে বাড়িতে পৌঁছে দেয়ার দায়িত্ব নিয়েছে জামায়াতে ইসলামী। কুমিল্লা উত্তর জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক আলমগীর সরকার জানান, ট্রাক দুর্ঘটনায় নিহতদের লাশ পৌঁছানো ও আহতদের চিকিৎসা সেবা প্রদানের জন্য একটি সমন্বয় কমিটি করা হয়েছে।